ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ ৪ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (১৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মীরহামজানী এলাকায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে।এদিকে একই পাড়ায় চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী বাসন্তী (৬০), একই পাড়ার মৃত অনাথ দাসের স্ত্রী ও নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের আয়া আরতী রানী দাস (৫০), হরি বন্ধু দাসের স্ত্রী শান্তি রানী (৪৮) ও শান্তির মেয়ে শিল্পী রানী (২৮)। এছাড়া আহত হন তাদের সঙ্গে থাকা জোছনা রানী দাস নামের আরেক নারী।তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শান্তি রানী দাসের ছেলে গোরাঙ্গ চন্দ্র দাস বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। বাড়ির কাউকে না জানিয়ে মা, আমার বোন ও পাড়ার আরও তিনজন নারী মিলে অনুদানের জন্য সল্লা এলাকায় যাচ্ছিল। রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা ট্রেনের ধাক্কায় মারা যায় বলে খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তাদের মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।
নিকরাইল দাসপাড়া কালিমন্দির কমিটির সভাপতি জীবন চন্দ্র দাস বলেন, ঈদ উপলক্ষ্যে সল্লার একজন দানশীল ব্যক্তি গরিবদের দান দেন। এমন খবর পেয়ে তারা পাঁচজন মিলে বাড়ির কাউকে না জানিয়ে দানের টাকা নিতে যাচ্ছিল। এখন ফিরল লাশ হয়ে। নিকরাইল মহাশ্মশান ঘাটে একসঙ্গে চারজনের মরদেহ দাহ করা হবে।
নিকরাইল রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান বলেন, ওই ৪ নারী একই পাড়ার। এর মধ্যে আরতী রানী আমাদের স্কুলের খণ্ডকালীন আয়া হিসেবে কাজ করতেন।
টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ফজলুল হক বলেন, মৃতের স্বজনরা ময়নাতদন্ত না করার আবেদন করলে মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
স্বজনদের বরাত দিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, ভোরে জাকাত নিতে রেললাইন ধরে কালিহাতির সল্লা যাচ্ছিলেন পাঁচ নারী। ওই সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই চারজন নিহত ও একজন আহত হন। তিনি আরও জানান, আহত নারীর পরিচয় জানা যায়নি।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed