ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে জিম্মি করে টাকা আদায়, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি করে ফাঁদে ফেলতেন তরুণী। বিভিন্ন বয়সী যুবকদের ডেকে নিয়ে জিম্মি করে করতেন টাকা আদায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে। ওই তরুণীসহ এই চক্রের আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তরুণীর নাম সুমাইয়া আক্তার খুশি ওরফে মারিয়া ইসলাম (১৯)। বাকি দুজন হলেন মো. মুসলিম উদ্দিন মুন (২২) ও খন্দকার শাওন (২৮)।
পুলিশ জানায়, রাজধানীর মিরপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। ফেসবুকে ছদ্মবেশী আইডি ব্যবহার করে যুবকদের ডেকে এনে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ফেসবুকের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক যুবককে জিম্মি করে আদায় করা ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়। এই চক্রের আরও এক সদস্য মোসা. তন্নি আক্তার (২০) পলাতক রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে ওসি মহসীন বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন। চক্রের মূল হোতা মারিয়া ও তার বান্ধবী তন্নী। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে ছেলেদের সঙ্গে প্রেমের অভিনয় করতেন। এরপর তাদের সঙ্গে দেখা করার কথা বলে মিরপুরে নিজেদের আস্তানায় ডেকে আনতেন। সেখানে আসা যুবক বাসায় ঢোকামাত্র তাকে মারধর করে আপত্তিকর ভিডিও ধারণ করতেন তারা। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা হতো।
ওসি মহসীন জানান, সম্প্রতি এই পদ্ধতিতে হানিফ নামের একজনকে জিম্মি করে ৮৫ হাজার টাকা আদায় করেন চক্রের সদস্যরা। ভুক্তভোগী হানিফের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed