Main Menu

বাংলাদেশে কারখানা খুলবে রয়েল এনফিল্ড!

প্রযুক্তি ডেস্ক: রয়েল এনফিল্ড নিয়ে একটা উন্মাদনা আছে বাংলাদেশে। কিন্তু আইনগত কারণে বাইকটি আমদানি বা রাস্তায় চালানো যায় না। তবে লাখো বাইকপ্রেমীর স্বপ্ন হয়তো এবার সত্যি হতে চলেছে। বাইকটি নির্মাণ প্রতিষ্ঠান একটি কারখানা খুলতে চলেছে বাংলাদেশে।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পাশাপাশি বাংলাদেশ ও নেপালেও ব্যবসা বাড়ানোর চেষ্টা করছে তারা। তবে আইনগত ঝামেলা এড়াতে দেশদুটিতে খোলা হবে কারখানা।

রেট্রো ডিজাইনের রোডস্টার এই বাইক কোম্পানির সিইও গোবিন্দরাজন সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, গত অর্থবছর বেশ ভালো রফতানি প্রবৃদ্ধি হয়েছে। তবে ব্যবসা বাড়ানোর জন্য বাংলাদেশ ও নেপালে অ্যাসেম্বলি ইউনিট শুরু করতে চলেছে রয়েল এনফিল্ড।

তার মতে, যেসব বাজারে রয়েল এনফিল্ড প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে সুযোগটি কাজে লাগাতে চান তারা।

তিনি আরও বলেন, আইনের কারণে ভারতে বানানো মোটরসাইকেল সরাসরি বাংলাদেশ কিংবা নেপালের বাজারে রফতানি করা সম্ভব নয়। সে কারণে স্থানীয় অংশীদারদের সঙ্গে যৌথভাবে এই বাইক অ্যাসেম্বল করা হবে।

গোবিন্দরাজন বলেন, ‘উত্তর আমেরিকা দিয়ে এই বাইকটি যাত্রা শুরু করেছিল। যেখানে আজ আমাদের মার্কেট শেয়ার ৮.১ শতাংশ। অন্যদিকে ইউরোপ, মিডল ইস্ট এবং আফ্রিকায় এই মার্কেট শেয়ার পৌঁছে গেছে ১০ শতাংশে।’

এ সময় তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাদের ‘জে’ সিরিজের রয়্যাল এনফিল্ড মিটিওর, ক্লাসিক এবং হান্টার ৩৫০, যার দাম ১ লাখ ৪৯ হাজার থেকে শুরু। ২০২২ সালে বাইকটির ১ লাখ ৩২ হাজার ইউনিট রফতানি করা সম্ভব হয়েছিল, সেখানে ২০২৩ সালে এরই মধ্যে ১ লাখ ৫৫ ইউনিট রফতানি হয়েছে। রফতানি ও বিক্রি প্রবৃদ্ধি বেড়েছে ৩৯ শতাংশ।

তিনি বলেন, ‘এখন আমাদের লক্ষ্য উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, এশিয়া-প্যাসিফিক রিজিওন, বাংলাদেশ ও নেপাল।’

প্রসঙ্গত, ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, থাইল্যান্ডসহ ৪০টির বেশি দেশে ২৫০ সিসি থেকে ৭৫০ সিসির মোটরসাইকেল সংযোজন করে রয়েল এনফিল্ড। এ তালিকায় খুব দ্রুতই যুক্ত হতে চলেছে বাংলাদেশ।

 

Share





Related News

Comments are Closed