Main Menu

যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে শিশুসহ ৮ লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে একটি জলাভূমি থেকে দুই শিশুসহ আট অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে।

কানাডার কুইবেকের অ্যাকওয়েসেন মোহক অঞ্চলের পুলিশ জানিয়েছে, আটজনের মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয় গত ৩০ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে। পরে শুক্রবার আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন।

এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের উপ-প্রধান লী অ্যান ও’ব্রায়ান বলেন, ‘নিহতরা দুটি পরিবারের সদস্য। একটি পরিবার রোমানিয়ার পাসপোর্টধারী। অপর পরিবারটি ভারতীয়। নিহতদের মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।’

লী অ্যান ও’ব্রায়ান সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, নিহতরা সবাই অবৈধভাবে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালিয়েছিল।’

পরে পৃথকভাবে অ্যাকওয়েসেন মোহক পুলিশের প্রধান শন ডিল্যুড জানান, ‘গতকাল শুক্রবার উদ্ধারকৃত দুজনই রোমানিয়ার। তাদের মধ্যে একটি শিশু।’
কানাডার জন-নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্কো মেন্ডিসিনো বলেন, ‘কানাডার কোস্ট গার্ড এবং কুইবেকের প্রাদেশিক পুলিশ অ্যাকওয়েসেন পুলিশকে তদন্তে সহায়তা করছে।’

নিহতদের মধ্যে কানাডিয়ান পাসপোর্টধারী কমপক্ষে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহে অনানুষ্ঠানিক সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে কানাডায় আশ্রয়প্রার্থীদের আসা বন্ধ করতে সম্মত হয়েছেন। এই পদক্ষেপের সমালোচকরা বলেছেন যে, শরণার্থী এবং অভিবাসীরা সীমান্ত অতিক্রম করার সময় আরও ঝুঁকি নিতে পারে। খবর: রয়টার্স

Share





Related News

Comments are Closed