Main Menu

ওসমানীনগরে জিলাপির কড়াইয়ে পড়ে জাপা নেতা দগ্ধ

ওসমানীনগর সংবাদদাতা : সিলেটের ওসমানীনগরে জিলাপী তৈরির গরম তেলের কড়াইয়ে পড়ে তাজিদ বকস লিমন (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার গোয়ালাবাজার ইউপির নিজ করনসী গ্রামের মৃত খিদির বক্সের ছেলে ও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক।

রোববার (২৬ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালাবাজার স্বাদের সামনে এই ঘটনাটি হয়। আহত ওই ব্যাক্তিকে সিলেটেের ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গোয়ালাবাজারে অভিজাত কনফেকশনারি স্বাদের পাশের ছুরাব মিয়ার ঘড়ির দোকানে একটি ঘড়ি মেরামত করতে দেন তাজিদ। এ নিয়ে রোববার ইফতারের আগ মুহূর্তে ছুরাবের সঙ্গে তাজিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলে পাশে ফুটপাতে স্বাদের জিলাপি তৈরি করার কড়াইয়ের মধ্যে পড়ে দগ্ধ হন তাজিদ। এ ঘটনার পর পরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে তাজিদ বকস লিমনের ছেলে সুমন বকস বলেন, খবর পেয়ে আমরা গোয়ালাবাজার গিয়ে তাকে নিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। আব্বার শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

এদিকে, মহাসড়কের গোয়াালাবাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে ফুটপাত দখল করে বিভিন্ন রেষ্টুরেন্ট ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে অপসারণে কোন ধরণের অভিযান চোখে পড়েনি। এলাকার লোকজন জানান, রমজান মাসে কর্তৃপক্ষের উদাসীনতায় ফুটপাত দখল করে ইফতার সামগ্রী তৈরি হচ্ছে। এতে ফুটপাত দিয়ে চলাচলে অসম্ভব হয়ে উঠেছে। প্রশাসন যদি একটু সচেতন থাকতো তবে তাজিদ বকস লিমনের এমন পরিণতি হতো না।

এ প্রসঙ্গে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, গরম তেলের কড়াইয়ে পড়ে যাওয়ার বিষয়টা খুবই মর্মান্তিক। ফুটপাতের অবৈধ দখলদারদের উচ্ছেদে বার বার অভিযান পরিচালিত হচ্ছে, জরিমানা করা হচ্ছে। তারপরও যারা ফুটপাত দখলে রেখেছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন আরও কঠোর হবে।

ওসমানীনগর থানার ওসি এস এম মাঈন উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টির খোঁজ নিয়ে দেখছি।

 

Share





Related News

Comments are Closed