Main Menu

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিলেটে বাম জোটের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট: বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিটি পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নেতা বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।

সমাবেশে বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অযৌক্তিক ভাবে আবারও ভোক্তা পর্যায়ে বাড়ানো হলো বিদ্যুতের দাম। গতবছর ২০২২ সালের জুনে বেড়েছে গ্যাসের দাম, আগস্টে বেড়েছিল জ্বালানি তেলের দাম, ২১ নভেম্বর বেড়েছিল পাইকারি বিদ্যুতের দাম আর ১২ জানুয়ারি ২০২৩ সালে নববর্ষের উপহার হিসেবে বাড়ল খুচরাপর্যায়ে বিদ্যুতের দাম। এর প্রভাব পড়বে জীবনযাপনের সব ক্ষেত্রে। খরচ বাড়বে উৎপাদনের এবং সাধারণভাবে বাড়বে সব জিনিসের দাম।

বিদ্যুৎ খাতে চলছে অপচয় ও মহাদুর্নীতি। এ কারণে বার বার বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম। এই অযৌক্তিক দাম বাড়ানোর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেছেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

বাম জোটের নেতারা বলেন, অযৌক্তিকভাবে বেশি খরচে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। অনেক বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রেখে অহেতুক ভাড়া দেওয়া হচ্ছে। এ জন্য বছরে হাজার হাজার কোটি টাকা নষ্ট করা হচ্ছে। দেশি-বিদেশি লুটেরা ও কমিশনভোগীদের পকেট ভারি হচ্ছে। বিদ্যুৎ খাতে এই দুর্নীতি, অপচয় ও সিস্টেম লস দূর করা হয়নি। এ অবস্থায় খরচ বেড়েছে বলে বিদ্যুতের দাম যে বাড়ানো হয়েছে, তা অন্যায্য, অন্যায় ও অনৈতিক।

বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুতকেন্দ্র ও জ্বালানি ক্ষেত্রে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি, অপচয় তথা সিস্টেম লসের নামে চুরি বন্ধ, ভুলনীতি পরিহার এবং জ্বালানি ক্ষেত্রে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানান হয় ।

Share





Related News

Comments are Closed