Main Menu

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন আর নেই।

তিনি সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।

তিনি জানান, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে যোগ দিতে গত শনিবার ঢাকায় গিয়েছিলেন আকমল হোসেন। সোমবার রাতে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হসপিটালে তাকে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটের সময় তিনি মারা যান।

পারিবারিক সূত্র জানায়, আকমল হোসেনের ছেলে মেয়েরা লন্ডন থেকে দেশে ফেরার অপেক্ষায় তাদের সাথে কথা বলে বৃহস্পতিবার জানাযা ও দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় সিলেট শহরের নায়েরপুল জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি স্কুল মাঠে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক এনামুল কবির ইমনসহ সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

আকমল হোসেন চলতি বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং গত ১ ডিসেম্বর শপথ গ্রহন করেছিলেন। শপথ গ্রহন করার ২৬ দিনের মাথায় তিনি মৃত্যুবরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন একাধিকবার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে ‘গোল্ড মেডেল’ পেয়েছেন এবং ২০১৬ সালে সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Share





Related News

Comments are Closed