ধাক্কা দিয়ে ফেলে নারীকে টেনেহিঁচড়ে মারল গাড়ি, চালককে গণপিটুনি
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেল আরোহি এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে অনেকটা পথ টেনে নিয়ে গেছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে। আর প্রাইভেটকারের চালককে গণপিটুনি দিয়েছে উপস্থিত জনতা।
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুবিনা আক্তার (৫৫)। তিনি রাজধানীর তেজগাঁওয়ের বাসিন্দা।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, টিএসসি থেকে নীলক্ষেতগামী একটি প্রাইভেটকারের নিচে কেউ আটকে আছে বলে মনে হয়। পরে রাস্তায় রক্তের দাগ থেকে সবাই নিশ্চিত হয় গাড়ির নিচে কোনো মানুষ আটকে রয়েছে। তবুও ওই ড্রাইভার গাড়ি দাঁড় করাচ্ছিলেন না। পরবর্তীতে নীলক্ষেত এলাকায় গাড়িটি আটকায় উপস্থিত জনতা। গাড়ির নিচে থাকা নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোঁজ নিয়ে আরও জানা যায়, ওই নারীকে প্রাইভেটকার ধাক্কা দেওয়ার পর তিনি গাড়ির নিচে পড়ে যান। প্রাইভেটকারচালক গাড়ি না থামিয়ে তাকে নীলক্ষেত পর্যন্ত টেনে নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা গাড়িচালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে চালককে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, প্রাইভেটকারচালক ছিলেন ঢাবির সাবেক শিক্ষক আজহার জাফর শাহ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রুবিনা আক্তারের বোনজামাই নুরুল আমিন সংবাদ মাধ্যমকে বলেন, রুবিনা আক্তার আমার সঙ্গে মোটরসাইকেলযোগে তেজগাঁওয়ের বাসা থেকে তার বোনের বাসা হাজারীবাগে যাচ্ছিলেন। আমরা শাহবাগ জাদুঘরের সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেটকার ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে টেনে হিঁচড়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসে।
তিনি আরও বলেন, আমি পেছন থেকে প্রাইভেটকারের চালককে ডাকতে ডাকতে এক কিলোমিটার চলে আসি। কিন্তু চালক গাড়ি থামাননি। পরে নীলক্ষেত মোড় এলাকায় আসলে আশপাশের লোকজন গতিরোধ করে চালককে গণধোলাই দেয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই প্রাইভেটকারটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক জাফর শাহ’র। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী মীর সাফায়েত হোসেন সাংবাদিকদের বলেন, আমরা টিএসসি এলাকায় আড্ডা দিচ্ছিলাম। দেখলাম একটি প্রাইভেটকার একজন নারীকে টানতে টানতে নীলক্ষেত এলাকার দিকে নিয়ে যাচ্ছে। পরে আমরা কয়েকজন পেছন পেছনে নীলক্ষেত মোড় পর্যন্ত গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। স্থানীয় লোকজন প্রাইভেটকারের চালককে গণধোলাই দিয়েছে। এতে তিনি আহত হয়েছেন। তাকেও ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা জানতে পেরেছি আহত ওই প্রাইভেটকারচালক ঢাবির আইআর ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ছিলেন।
এ বিষয়ে শাহবাগ থানার বাবুপুরা ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে থাকা ওই নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত জাফর শাহ নামে এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed