Main Menu

‘সিলটি পাঞ্চায়িত’ নামে নতুন রাজনৈতিক সংগঠনের আত্নপ্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগকে স্বায়ত্বশাসনের দাবিসহ ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আত্মপ্রকাশ করেছে নতুন আঞ্চলিক রাজনৈতিক দল ‘সিলটি পাঞ্চায়িত’। সংগঠনটি সিলেট বিভাগের মধ্যে তার কার্যক্রম পরিচালনা করবে। সোমবার দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আত্মপ্রকাশ করা হয়। সিলটি পঞ্চায়িত কমিটির কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী লিখিত বক্তব্যে কমিটির নাম ঘোষনা করে বিভিন্ন দাবি বাস্তবায়নের আহবান জানান। নাসির উদ্দিন আহমদ চৌধুরী বৃহত্তর সিলেট ছাত্র ফ্রন্টের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন।

প্রাথমিকভাবে সিলেট বিভাগের মধ্যেই সংগঠনটির কার্যক্রম পরিচালিত হবে। আগামী নির্বাচনে বিভাগের ১৯টি আসনেই নিজস্ব প্রার্থী দিতে চায় নবগঠিত রাজনৈতিক এই সংগঠন।

সংগঠনটির ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট তাজরীহান জামানকে সাধারণ সম্পাদক করে সহ সভাপতি অ্যাডভোকেট মখলিছুর রহমান ও নূর আহমদ রিপন, প্রচার সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিস আলী মামুন, কোষাধ্যক্ষ রফিকুল হোসেন বাচ্চু ও অ্যাডভোকেট শাহানা সুলতানা চৌধুরীকে মহিলা বিষয়ক সম্পাদিকা রাখা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ‘সিলটি পাঞ্চায়িত’র আত্মপ্রকাশ ঘটে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি জানান, দেশের মধ্যে একমাত্র সিলেটের আলাদা ভাষা ও অক্ষর রয়েছে। এ ভাষা চর্চার জন্য প্রাইমারি স্কুলে নাগরি ভাষার অক্ষর শিক্ষা প্রয়োজন। এছাড়া সিলেট বিভাগের লোকজনকে সিলেটে চাকরি, বিদেশে অবস্থানরত প্রবাসীদের সন্তানদের ভিসা ছাড়া দেশে ভ্রমন, সিলেটের গ্যাস সিলেটের চাহিদার পর অন্যত্র সংযোগ, খাস জমি ভূমিহীন স্থায়ী বাসিন্দাদের প্রদান, বিভাগকে বন্যার হাত থেকে রক্ষায় মাস্টার প্ল্যান, সিলেটে হাইকোর্টের ব্যঞ্চ পূনর্বহাল, সিলেটে হাওর উন্নয়ন বোর্ড স্থাপন ও সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন দাবি করেন সংগঠনের সভাপতি।

নাসির উদ্দিন আহমদ চৌধুরী জানান, ভারত ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশে স্বায়ত্বশাসন পরিচালিত হচ্ছে। সংবিধান সংশোধন করে সিলেট বিভাগেও স্বায়ত্বশাসন ব্যবস্থা চালু করতে হবে। মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য সবচেয়ে বেশি অবদান সিলেটবাসীর। সিলটি পাঞ্চায়িত কমিটি সিলেট বিভাগেই কার্যক্রম পরিচালনা করবে উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে এ অঞ্চলের দাবি ধাওয়া নিয়ে মাঠে কাজ করবে সংগঠনটি।দলটি স্থানীয় স্বার্থে নির্বাচন করার কথাও জানান সভাপতি।

তিনি বলেন- ‘ঐতিহাসিক গণভোটের মাধ্যমে সিলেট বিভাগের মানুষ ভারত ছেড়ে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে যোগদানের পক্ষে রায় দেয়। যার ফলে আমরা আজকের বাংলাদেশে আছি। সিলেটবাসী মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছেন। তারা প্রবাসে মুক্তিযুদ্ধের জন্য ফান্ড তৈরি করেন। দেশের সবচেয়ে বেশি প্রবাসী আয় এই সিলেটের মানুষ প্রেরণ করেন। কিন্তু এই সিলেট আজ অবহেলিত। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য বিভাগের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও এই সিলেট বিভাগে ব্যয় করা হয় নাই। সুষম উন্নয়ন থেকে বঞ্চিত সিলেট বিভাগ।’

নাসির উদ্দিন আরও বলেন- ‘সিলেট একমাত্র একটি বিভাগ যার নিজস্ব ভাষা ও পৃথক অক্ষর রয়েছে। যা অন্যান্য বিভাগে নেই। আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সিলেটবাসীর মুখের ‘সিলেটি নাগরি ভাষা’ আজ অবহেলিত। এ নাগরি অক্ষর চর্চা হয় না। তাই আমরা জোর দাবি জানাচ্ছি সিলেট বিভাগের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নাগরি ভাষার অক্ষর শিক্ষা দেওয়া হোক।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন- ‘সিলেট বিভাগে যেসব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে শতভাগ সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিয়োগ দেওয়া হোক। কেননা ঘরে ঘরে সিলেট বিভাগের স্থায়ী বাসিন্দারা তাদের উপযুক্ত ছেলে-মেয়েদের বিয়ে সাদী দিতে পারছেন না কারণ তাদের চাকুরী নেই। এতে সিলেট বিভাগে সামাজিক অশান্তি সৃষ্টি হয়েছে।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়- সিলেট বিভাগের বাসিন্দাদের গ্যাস প্রথমে দিতে হবে। যদি অতিরিক্ত গ্যাস তাকে সেক্ষেত্রে অন্যদের দিতে আপত্তি নেই। তবে অগ্রাধিকার ভিত্তিতে সিলেট বিভাগের বাসিন্দাদের মধ্যে গ্যাস দিতে হবে। এছাড়াও সিলেটে বিভাগে যেসব খাস জমি রয়েছে সেসব জমি সিলেট বিভাগের ভূমিহীন স্থায়ী বাসিন্দাদের দিতে হবে।

নাসির উদ্দিন প্রতি বছরের বন্যা থেকে সিলেট বিভাগকে রক্ষা করতে নদী খননসহ যাবতীয় মাস্টার প্লান করতে সরকারের প্রতি দাবি জানান। এছাড়া সিলেট বিভাগ থেকে সরিয়ে নেওয়া হাই কোর্টের বেঞ্চ পুনর্বহাল করার দাবি জানান। সিলেটে ‘হাওর উন্নয়ন বোর্ড’ স্থাপন করতে হবে এবং এ সকল দাবি বাস্তবায়নে সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘সিলটি পাঞ্চায়িত’ নামক নতুন এই দলের সভাপতি ও বৃহত্তর সিলেট ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠাতা সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন- ‘আমাদের দাবি বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনে দলীয় প্রার্থী দেব। আমরা বিশ্বাস করি- সিলেটবাসী আমাদের সঙ্গে থেকে পুরো বিভাগের উন্নয়নে অবদান রাখার সুযোগ দিবেন।

তবে সংগঠনটি এখনও অনিবন্ধিত জানিয়ে তিনি বলেন- নিবন্ধন প্রক্রিয়া শীঘ্রই শুরু করবেন তারা।

সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাজরীহান জামান, সাংগঠনিক সম্পাদক ও মহিলা বিষয়ক সম্পাদিকা ছাড়া সদস্য শাখাওয়াত আলী শাহী উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed