Main Menu

নারীকে হয়রানী, সিলেট পাসপোর্ট অফিসের পরিচালকের বিরদ্ধে জিডি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিচালক এ কে এম মাজহারুল ইসলামের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সেবাপ্রার্থী এক নারী। এতে অভিযোগ করা হয়, পাসপোর্টের জন্য আবেদন করতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন তিনি। কয়েক দফা ভোগান্তির পর আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দিতে পারলেও পরিচালকের কক্ষে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বানোয়াট অভিযোগ লিখে নেওয়া হয়েছে।

গত ১৬ নভেম্বর বুধবার সিলেট মহানগরের মোগলাবাজার থানায় এ জিডি করেন সাহারা খানম (৫৩) নামের এক নারী। পরে অভিযোগটি তদন্তের নির্দেশ দেন সিলেট মেট্রোপলিটন ম্যাজেস্ট্রেট (আমলি) আদালত-৫। সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। সাহারা খানম সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তিনি বলেন, থানায় যেকোনো জিডি হলে তা আদালতে অবহিত করতে হয়। এ জিডির বিষয়ও আদালতের নজরে আনা হলে বাদীর উপস্থিতিতে ২০ নভেম্বর রোববার শুনানি হয়। পরে আদালত জিডির বিষয়টি তদন্তের আদেশ দেন। তারা ওই নারীর অভিযোগ তদন্ত করছেন।

জিডির বর্ণনা অনুযায়ী, ১০ নভেম্বর বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেন সাহারা খানম। দায়িত্বরত কর্মকর্তা এরপর তাকে কার্যালয়ের ২০৭ নম্বর কক্ষে ১৩ নভেম্বর এসে আঙুলের ছাপ দিতে বলেন। নির্দিষ্ট দিনে ওই কক্ষে গেলে সেখানকার কর্মকর্তা তাকে জানান, আবেদন অনলাইনে জমা হয়নি। তাই পরদিন তাকে পুনরায় আসতে হবে।

২০৭ নম্বর কক্ষ থেকে বেরোনোর সময় এক ব্যক্তি ওই নারীকে বলেন, আবেদনে ‘মার্কা’ (দালাল ধরার বিশেষ চিহ্ন) না থাকায় সেটি অনলাইনে জমা হয়নি। ভোগান্তি থেকে রেহাই পেতে ওই নারী পরদিন সোমবার (১৪ নভেম্বর) সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কাছে গিয়ে সহায়তা চান। পাসপোর্ট কার্যালয়ের পাশেই বিভাগীয় কমিশনারের কার্যালয়। তখন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ওই নারীকে সেই কক্ষে গিয়ে তার (অতিরিক্ত বিভাগীয় কমিশনার) কথা বলতে বলেন।

সাহারা খানম এরপর পাসপোর্ট কার্যালয়ে গিয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কথা বলতেই ২০৭ নম্বর কক্ষের দায়িত্বরত ব্যক্তিটি দুর্ব্যবহার করেন। এতে ব্যথিত হয়ে সাহারা খানম পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক উম্মে সালমা তানজিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বিষয়টি জানালে তিনি তাকে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলামের কাছে গিয়ে তাঁর নাম বলতে বলেন।

সালমা তানজিয়ার এ কথায় পাসপোর্ট তৈরি করতে গিয়ে ভোগান্তির শিকার ওই নারী ১৬ নভেম্বর সকাল সকাল ১১টার দিকে সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলাম কক্ষে গিয়ে তাকে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের কথা বললে তিনি ওই নারীকে সেখানে দাঁড়িয়ে থাকতে বলেন। প্রায় ২ ঘন্টা পর কক্ষে ফিরে মাজহারুল ওই নারীকে বলেন- ‘আপনার পাসপোর্টের জন্য জনৈক ছয়েফ খানকে ৮ হাজার টাকা দিয়েছেন মর্মে একটি কাগজে লিখিত দিলে আপনার ফিঙ্গার নেওয়া হবে।’ এ কথা শুনে সাহারা খানম পাসপোর্ট করার জন্য কাউকে কোন টাকা দেই নাই বলে জানান এবং কোনো লিখিত অভিযোগ দিতে অস্বীকার করেন। এসময় পাসপোর্ট অফিসের পরিচালক মাজহারুল ইসলাম তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদান করেন। একপর্যায়ে তিনি তার অফিসে কর্মরত আরও ২ জন কর্মকর্তাকে ডেকে নিয়ে এসে কক্ষের দরজা বন্ধ করে দেন। তখন ওই নারী প্রাণ ও ইজ্জতের ভয়ে মাজহারুলের কথামতো একটি সাদা কাগজে ‘ছয়েফ খানকে আমার পাসপোর্টের জন্য ৮ হাজার টাকা দিয়েছি’ লিখে দেন। পরে ওই নারীর পাসপোর্টের জন্য তার ফিঙ্গার নেওয়া হয়।

এ ঘটনায় ওই নারী সিলেটের মোগলাবাজার থানায় গত ১৬ নভেম্বর লিখিত অভিযো দায়ের করেন।

এ বিষয়ে মাজহারুল ইসলাম মুঠোফোনে বলেন- ওই মহিলাই তো উল্টো আমার কাছে অভিযোগ করেছেন যে, তাঁর কাছ থেকে পাসপোর্ট তৈরি করে দেওয়ার নামে এক ব্যক্তি ৮ হাজার টাকা নিয়েছেন। এ বিষয়ে তিনি আমার কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। আমি তাঁর কাছ থেকে জোরপূর্বক লিখিত কোনো কিছু নেইনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন- তাঁকে কোনোভাবেই হয়রানি করা হয়নি। প্রথমদিন অনলাইন ওই নারীর ডাটা নেয়নি বলেই প্রথম দিন ফিঙ্গার নেওয়া যায়নি। তবে পরদিনই ফিঙ্গার নেওয়া হয়েছে। তদন্ত করলেই সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা পিপিএম বলেন- এ বিষয়ে এখনও মামলা হয়নি। আদালতের নির্দেশে অভিযোগটি তদন্ত করছি আমরা। সত্যতা পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed