Main Menu

ঢাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি ৩ বন্ধুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে গভীর রাতে রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় তিন বন্ধু নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪) ও মো. মেহেদী হাসান (২৮)। মেহেদী দুবাই প্রবাসী। মাস তিনেক আগে বাংলাদেশে এসেছেন।নিহত তিন জনই মুগদা এলাকায় থাকতেন।

শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া মেহেদী হাসানের চাচা সালাউদ্দিন জানান, নিহতরা তিন বন্ধু মিলে রাতে ঘুরতে বের হয়। খিলগাঁও ফ্লাইওভারে আসা মাত্রই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, খিলগাঁও থেকে আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পর তাদের তিনজনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা তিনজনেই মোটরসাইকেল আরোহী ছিলেন। ট্রাক ও চালককে আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed