Main Menu

নাইজেরিয়ায় নৌকাডুবিতে বন্যাদুর্গত ৭৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা প্রদেশে নৌকা দুর্ঘটনায় অন্তত ৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (১০ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (৭ অক্টোবর) আনামব্রা প্রদেশের ওগবারু এলাকায় কমপক্ষে ৮০ জন যাত্রী বহনকারী নৌকাটি ডুবে যায়।

নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। তাদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা।

প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ‘মর্মান্তিক’ এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দেশটির নৌপরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিয়ে তিনি বলেন, এছাড়া নিখোঁজদের সন্ধানে জরুরি পরিষেবাগুলোকে অবশ্যই সবকিছু করতে হবে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নৌ পরিবহন খাতে সুরক্ষা প্রোটোকল ব্যবস্থা পরীক্ষা করার জন্য সরকারি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বুহারি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নৌকাটিতে করে আরোহীরা ওগবাকুবার নকো বাজারে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং একটি সেতুতে ধাক্কা লাগে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির দক্ষিণ-পূর্ব সমন্বয়কারী থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য পানির স্তর অত্যন্ত বেশি ও ঝুঁকিপূর্ণ।

অ্যানামব্রার গভর্নর চার্লস সোলুডো বলেন, দুর্ঘটনাটি বাসিন্দা ও রাজ্য সরকার উভয়ের জন্যই শোকের। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন তিনি।

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।, যদিও বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বহন বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।

সূত্র : বিবিসি

Share





Related News

Comments are Closed