Main Menu

তরুণীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলো বাবা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালক আল আমিনকে (২৬) থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে আল আমিনের বাবা তাকে ধরে নিয়ে থানায় পুলিশের কাছে সোপর্দ করেন। সে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের তেরাপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হুসিয়ার আলীর ছেলে। বর্তমানে সে ঝাওয়ারখাড়া এলাকার বাসিন্দা।

এর আগে শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

ভিকটিম জানান, কয় বছর ধরে তিনি ঢাকা গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। মায়ের অসুস্থতার খবর পেয়ে সে শুক্রবার দিনের বেলায় গাজীপুর থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাসযোগে সিলেটে আসেন। এরপর সিলেট নগরীর বন্দরবাজার থেকে লেগুনাযোগে গোবিন্দগঞ্জ নামেন রাত ৯টার দিকে। হাসনাবাদ এলাকায় যাওয়ার জন্য গোবিন্দগঞ্জ থেকে একটি অটোরিকশাতে উঠেন ওই তরুণী। ওই অটোরিকশাতে আরও ৩জন পুরুষ যাত্রী ছিল। রাত প্রায় ১০টার দিকে সূফিনগর ও আশপাশ এলাকায় ৩ জন পুরুষ যাত্রী গাড়ি থেকে নেমে যান। একমাত্র ওই গার্মেন্টসকর্মী তরুণীকে নিয়ে আল আমিন ঝাউয়ার খাড়া ব্রিজ পার হয়ে পুলিশ বক্সের পাশের পরিত্যক্ত কাঁচা রাস্তা দিয়ে ভেতরে নির্জন স্থানে নিয়ে গিয়ে অটোরিকশা থামায়। এসময় তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করে আল আমিন।

এসময় নিজের সম্ভ্রম বাঁচাতে ওই তরুণী দৌঁড়ে পালাতে চেষ্টা করেন। বিষয়টি গোবিন্দগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার যাত্রীদের নজরে আসলে তারা গাড়ি থেকে নেমে ওই তরুণীকে রক্ষা করেন।

খবর পেয়ে রাত ১১টার দিকে ছাতক থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে নম্বরবিহীন মিনহা-তানহা পরিবহন নামের অটোরিকশা জব্দ করে এবং তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর আগে চালক তার গাড়িটি রেখে পালিয়ে যায়।

আল আমিনের বিরুদ্ধে এ ধরণের আরও একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ছাতক থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, রাতেই ওই গামেন্টস কর্মীকে উদ্ধারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রন্জয় চন্দ্র মল্লিক বলেন, আসামী আল আমিনের বাবা বীর মুক্তিযোদ্ধা হুসিয়ার আলী নিজেই তার ছেলেকে থানাপুলিশের কাছে সোপর্দ করেছেন।

 

Share





Related News

Comments are Closed