Main Menu

নবীগঞ্জে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নবীগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে নিখোঁজের দুইদিন পর বিবিয়ানা নদী থেকে লিটন মিয়া (৪৮) নামে এক সবজি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লিটন মিয়া উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতগঞ্জ উপজেলার প্রতিষ্ঠিত সবজি ব্যবসায়ী লিটন মিয়া গত বৃহস্পতিবার রাতে ব্যবসা বন্ধ করার পর আর বাড়ি ফিরেনি। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরিবারসহ আত্মীয়স্বজন অনেক খোঁজাখুঁজি করেও কোথাও সন্ধান পাননি তার।

অবশেষে শনিবার সকাল ৭টায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের ভিতর দিয়ে বিবিয়ানা নদীতে (মরা নদী) স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় লিটন মিয়ার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ, ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওসার আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এ সময় লিটনের স্বজনরা তার লাশ সনাক্ত করেন। পরে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত লিটনের ভাই সালেনুর মিয়া জানান, ঘটনার দিন রাতে স্থানীয় কসবা বাজার থেকে লোকজন স্থানীয় চেয়ারম্যানকে লিটন আটক আছেন মর্মে জানান। কিন্তু, চেয়ারম্যান বিষয়টি তাদেরকে জানাননি বলে জানান সালেনুর। পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে বলে জানান তিনি। ভাই হত্যার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed