Main Menu

সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিন ও সম্পাদক মকসুদ

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সিলেট জেলা যুবদলের সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে আলোচনা শেষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রতিক্ষার পর রাত ১১টার পর ফলাফল ঘোষণা করা হয়।

এতে সিলেট জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট মোমিনুল ইসলমা মোমিন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মকসুদ আহমদ।

জানা গেছে, ফলাফল অনুসারে ৩১৭ ভোট পেয়ে জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ পেয়েছেন ১৩৩ ভোট। অপর প্রার্থী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন পেয়েছেন ৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এই পদে বর্তমান কমিটির সদস্য সচিব মকসুদ আহমদ ২৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুই প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ১৯৪ ও সাবেক সহসভাপতি লিটন আহমদ ২৭ ভোট পেয়েছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদি লুনা, খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

এদিকে সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ও সাধারণ সম্পাদক পদে মকসুদ আহমদ মকসুদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, কাউন্সিলে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত মুমিন ও মকসুদের নেতৃত্বে সিলেট জেলা যুবদল আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্থায়ী ভাবে কারামুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন, মানুষের ভোটাধীকার নিশ্চিতের আন্দোলন-সংগ্রামকে আরো ত্বরান্বিত করবে।

Share





Related News

Comments are Closed