Main Menu

“বন্ধ রয়েছে শ্রীপুর পাথর কোয়ারী” পাথর উত্তোলন হয় কিভাবে কেউই জানেনা

মো. রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার একমাত্র পাথর কোয়ারী হচ্ছে শ্রীপুর পাথর কোয়ারী। কোয়ারীতে পাথর না থাকায় সংশ্লিষ্ট মন্ত্রনালয় পাথর কোয়ারীটি ৫ বৎসর পূর্বে ত্রিমাত্রিক জরিপ করে পরিত্যাক্ত ঘোষনা করে। তারপর থেকে সম্পূর্ণ রুপে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।

সম্প্রতি বন্ধ থাকা শ্রীপুর কোয়ারী হতে পাথর খেকু চক্রের সদস্যরা দিন-রাত পাথর উত্তোলন করে আসলেও স্থানীয় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারীরা রয়েছেন নিরব ভূমিকায়।

স্থানীয় সচেতন মহল ও বাসিন্ধারা বলেন বন্ধ কোয়ারী জিরো লাইন হতে পাথর উত্তোলন হচ্ছে প্রতিনিয়িত কিন্তু কিভাবে পাথর উত্তোলন হয় আমাদের জানা নেই।

সরেজমিনে শ্রীপুর পাথর কোয়ারী ঘুরে দেখা যায়, কয়েক বৎসর পাথর উত্তোলন বন্ধ থাকায় শ্রীপুর পাথর কোয়ারীটি প্রাকৃতিক ভাবে সেজে উঠেছে ভিন্ন রুপে। জিরো লাইন এলাকায় ভারতীয় অংশে পাহাড় ধসে পানির স্রোতে ভেসে এসেছে বেশ কিছু পাথর। যা কোয়ারীটির জিরো লাইন এলাকাকে সাজিয়ে তুলেছে অপরুপ সৌন্দর্য্যে। ফিরিয়ে এনেছে সেই আশির দশকের পুরাতন চেহারা।

পাহাড়ী ঢলে ভেঁসে আসা জিরো লাইনের এসব পাথরের উপর লোলুপ দৃষ্টি পড়ে পাথর খেকু চক্রের সক্রিয় সদস্যদের। কতিপয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে চাঁদা উত্তোলনের মাধ্যমে ১২৮০নং আর্ন্তজাতিক মেইন পিলার ও ১২৮০ (১এস), ১২৮০ (২এস) সাব পিলার অতিক্রমের মাধ্যমে সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে দিন দুপুরে দৃষ্টি নন্দন পাথর গুলো উত্তোলন করে নিয়ে আসছে পাথর খেকু চক্রের সদস্যরা।

স্থানীয় বাসিন্ধা ইব্রাহীম আলী, নজরুল ইসলাম, হারিছ আলী, ধনমিয়া সহ একাধিক ব্যক্তি জানান, গত বৎসর হতে পাথর খেকু চক্রের সদস্যরা বিভিন্ন ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামে মোটা অংকের উৎকোচের মাধ্যমে পাথর কোয়ারীর জিরো লাইন হতে পাথর সংগ্রহ করে। তারই ধারাবাহিকতায় এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যরা বানের পানি নামার পর হতে নানা অপকৌশলে কোয়ারীর জিরো লাইন হতে পাথর উত্তোলন করছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হলেও মাঝে মধ্যে ১০-১২দিন বন্ধ রেখে পুনরায় পাথর উত্তোলন শুরু হয়।

শ্রীপুর পাথর কোয়ারীর জিরো লাইন হতে পাথর উত্তোলন করে এনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয়ের চা-বাগানের রাস্তার সম্মুখে স্তুপ করে রাখা হয়েছে। ২৩ আগষ্ট মঙ্গলবার রাত ৭টায় ছবিটি ধারণ করা হয়।

স্থানীয়রা আরও জানান, জিরো লাইন এলাকা হতে পাথর উত্তোলন কালে বিভিন্ন সময় ভারতীয় খাসিয়ারা শ্রমিকদের গালি গালাজ সহ তাড়িয়ে দিতে দেখা যায়। তাদের বাগান রক্ষায় তারা শ্রমিকদের উপর ক্ষিপ্ত হয়। যে কোন সময় খাসিয়ারা গুলি করতে পারে বলে স্থানীয়দের আশংঙ্কা রয়েছে।

পাথর খেকু চক্রের সদস্যরা বড় বড় পাথর ভেঙ্গে কয়েক টুকরা করে এসব পাথর খন্ড গুলো শ্রীপুর চা-বাগান, খড়মপুর, সেলিম চৌধুরীর বাগান, মন্ত্রী মহোদয়ের বাগানের আশ-পাশ এলাকায় ঝোঁপ জঙ্গলে নিয়ে মজুত করে রাখে। পরবর্তীতে সময় সুযোগ বুঝে তারা উত্তোলিত পাথর গুলো ক্রাশিং মিলে প্রেরণ করে। এভাবেই জিরো লাইন হতে পাথর উত্তোলন করছে চক্রটি।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, শ্রীপুর পাথর কোয়ারী হতে পাথর উত্তোলনের বিষয় আমার জানা নেই। তবে বিষয়টি তদন্ত পূর্বক খতিয়ে দেখে উদ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, বিষয়টি শুনেছি, দ্রুত সময়ের মধ্যে শ্রীপুর পাথর কোয়ারী পরিদর্শন করে এ কাজে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

Share





Related News

Comments are Closed