Main Menu

বন্যায় বিপর্যস্ত আমিরাত, এক বাংলাদেশিসহ ৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারি বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের শারজাহ, ফুজাইরাহসহ বেশ কয়েকটি প্রদেশ। বিগত ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে আকস্মিক বন্যায় ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান তলিয়ে গেছে। বন্যায় এক বাংলাদেশিসহ সাত প্রবাসী কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে। খবর রয়টার্স।

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ২৭ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতে ডুবে গেছে অনেক এলাকা। পরবর্তী সময়ে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা নিরাপদে সরিয়ে নেন বিভিন্ন এলাকার বাসিন্দাদের।

অতিবৃষ্টির কারণে শারজাহ, ফুজাইরা ও রাস আল কাইমার কিছু রাস্তা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং সরকারি কর্মকর্তাদের সম্ভব হলে বাড়িতে বসে কাজ করতে বলা হয়েছে।

এদিকে আরব আমিরাতের ফুজাইরাহ প্রদেশে বন্যায় এস এম সাজ্জাদ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বুধবার (২৭ জুলাই) পানির স্রোত ভাসিয়ে নিয়ে যায় সাজ্জাদকে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ফুজাইরার পুলিশ।

সাজ্জাদ আল-আইল সানাইয়ার একটি গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে। তার মরদেহ ফুজাইরার একটি হাসপাতালে রাখা আছে। নিহত সাজ্জাদের গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুরে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সাজ্জাদ ছিলেন চতুর্থ।

 

Share





Related News

Comments are Closed