Main Menu

হাকালুকি হাওরে নৌকাডুবিতে কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে এইচএসসি পরীক্ষার্থী তানিম সিদ্দিকী (১৯) নামে তরুণের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হয় তানিম। ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তানিম কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তানিম তার বন্ধু স্বজনসহ ৮ যুবক বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে দাওয়াত খেতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

এ সময় তার সাথে থাকা ৭ জন সাতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়দের সাথে নিয়ে তানিমের স্বজনরা নৌকা দিয়ে তাঁকে হাওরে খোঁজতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা পর রাতে পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা সামাদ আজাদ বলেন, ঘটনার পর প্রায় শতাধিক নৌকা দিয়ে এলাকার মানুষ খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। এক পর্যায়ে মরদেহ উদ্ধার করা হয়।

কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ছেলেগুলো ফেরার পথে হৈ-হুল্লোড় করছিল, আবহাওয়াও খারাপ ছিল, তাই নৌকা উল্টে যায়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মঙ্গলবার সকালে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিভাবকের কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed