Main Menu

বাহুবলে অবৈধ গ্যাস লাইন স্হাপন নিয়ে জনমনে ক্ষোভ

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার কৃষি জমি বিনষ্ট করে ডুবাঐ বাজারের পাশে গড়ে উঠা মেসার্স কনিকা কমার্শিয়াল লিমিটেড ও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড নামের দুটি কোম্পানিতে এলাকার সরকারি রাস্তা, ফসলী জমি, বসতবাড়ি, দোকানপাঠ নষ্ট করে অবৈধভাবে গ্যাস লাইন স্হাপন করছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

এ নিয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী তাদের ক্ষতিপূরণের দাবিতে মিরপুর, মৌচাক, চলিতাতলা, ডুবাঐ বাজার এলাকায় লাইন স্হাপন বন্ধ রেখেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে ওই দুই কোম্পানিকে গ্যাস সরবরাহের জন্য সড়ক ও জনপথ বিভাগের সাথে চুক্তি হয়। চুক্তিতে শর্ত থাকে বর্ষা মৌসুমে লাইন স্হাপন করা যাবেনা এবং মাটির নীচে ১০ ইঞ্চি ব্যাসের লাইন স্হাপন করতে হবে। শর্ত ভঙ্গ করে জালালাবাদ গ্যাস কোম্পানি লাইন স্হাপন করছে। ফলে এলাকাবাসীর সরকারি রাস্তা, জমির ফসল, বসতবাড়ি, দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দেয় এবং এলাকাবাসী বিভিন্ন স্হানে কাজ বন্ধ রেখেছেন।

এ বিষয়ে জানতে জালালাবাদ গ্যাস কোম্পানির হবিগঞ্জের উপ মহাব্যবস্হাপক মোঃ রুহুল করিম চৌধুরীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান সড়ক ও জনপথ বিভাগের দেখানো স্হানে লাইন স্হাপন করা হচ্ছে। এলাকাবাসীর ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণের বিষয়টি তিনি এরিয়ে যান।

এ বিষয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান এলাকায় কৃষি জমি সুরক্ষা আইন লঙ্ঘন করে মেসার্স কনিকা কমার্শিয়াল লিমিটেড ও আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড গড়ে উঠেছে। এলাকার সরকারি রাস্তা ঘাট, কৃষকের জমি, জমির ফসল, বসতবাড়ি, দোকান পাঠ নষ্ট করে অবৈধভাবে জোর করে গ্যাস লাইন স্হাপন করছে। এতে এলাকাবাসী কাজ বন্ধ রেখেছে। আমি এ বিষয়টি জেলায় অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করেছি। এলাকাবাসীর ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ দাবির এবং অবৈধ গ্যাস লাইন বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছি।

Share





Related News

Comments are Closed