Main Menu

আমিরাতের প্রেসিডেন্ট জায়েদ আল নাহিয়ান মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান মারা গেছেন। শুক্রবার (১৩ মে) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের বয়স ছিল ৭৩ বছর।

আমিরাতের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মৃত্যুতে শুক্রবার থেকে আগামী ৪০ দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হবে। পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

টুইটারে দেওয়া ঘোষণায় প্রেসিডেন্টের কার্যালয় আরও জানায়, ফেডারেল ও স্থানীয় পর্যায়ে সংস্থাগুলো আগামী তিনদিন বন্ধ থাকবে। এ ছাড়া সরকারি সংস্থা ও বেসরকারি সেক্টরে মন্ত্রণালয়গুলোও আগামী তিনদিন শোক পালনে বন্ধ রাখা হবে।

শেখ খলিফা তার পিতা প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের উত্তরসূরি নির্বাচিত হয়েছিলেন। জায়েদ আল নাহিয়ান ২০০৪ সালের ৩ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট ও আবুধাবির শাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আবুধাবির ১৬তম শাসক ছিলেন জায়েদ আল নাহিয়ান।তিনি প্রয়াত শেখ জায়েদের জ্যেষ্ঠ পুত্র।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে জায়েদ আল নাহিয়ান কেন্দ্রীয় সরকার ও আবুধাবি সরকারে আমূল পরিবর্তন আনেন। তার শাসনামলে আরব আমিরাতের নাগরিকরা উন্নত জীবনের দেখা পান।

শেখ খলিফা টেকসই এবং নিরাপদ উন্নয়নের দিকে মনোনিবেশ করেন যা নাগরিকদের সত্যিকার অর্থেই লাভবান করে। তার পিতা শেখ জায়েদ এর দেখানো পথেই তিনি চলেছেন। তিনি বলেছিলেন, আমি তার (বাবার) দেখানো পথেই ভবিষ্যতের পথে হাঁটতে চাই এবং নিরাপদ ও মজবুত শাসনব্যবস্থা কায়েম করতে চাই।

তার শাসনামনে তেল ও গ্যাস খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছিল সংযুক্ত আরব আমিরাত। এর ফলে দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে।

তিনি কেন্দ্রীয় জাতীয় কাউন্সিলে নমিনেশন প্রথা চালু করেন যা দেশটিতে নির্বাচনের পথে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ।

শেখ খলিফা একজন ভালো শ্রোতা ছিলেন। তার ব্যবহার অত্যন্ত মধুর ছিল এবং জনগণের স্বার্থ তার কাছে প্রাধান্য পেত। তিনি আরব আমিরাত ও অন্যান্য অঞ্চলে সকলের কাছে সমাদৃত ছিলেন।

সূত্র: আরব নিউজ

Share





Related News

Comments are Closed