Main Menu

ব্যাটারিচালিত রিকশা চালুর দাবিতে জাবিতে বিক্ষোভ

জাবি প্রতিনিধি: ব্যাটারিচালিত রিকশা পুনরায় চালু করার দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘সঠিক ভাড়া নিশ্চিত কর, করতে হবে’, ‘অটো রিকশা অবিলম্বে চালু কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে নতুন রেজিস্ট্রার ভবন হয়ে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে জমায়েত হয়। সেখানে তারা ভবনের মূল গেটের সামনে অবস্থান নেয়।

পরবর্তীতে পহেলা বৈশাখ উদযাপন সংক্রান্ত মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ.স.ম ফিরোজ-উল-হাসান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ভবনের মূল গেটে আসলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা অবিলম্বে ক্যাম্পাসে অটোরিকশা চালু ও এর সাথে অটো রিকশা, মোটরসাইকেল ও গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পিড ব্রেকার স্থাপনের জন্য দাবি জানান। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া খোলা রাখার দাবি জানান।

রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ক্যাম্পাসে অটো রিকশা চালু করার আশ্বাস দেন এবং ৯ মার্চ শনিবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা হবে বলে ঘোষণা দেন।

Share





Related News

Comments are Closed