Main Menu

সিলেট জেলা বিএনপির সম্মেলন মঙ্গলবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল মঙ্গলবার (২৯ মার্চ) নগরীর সাবরেজিষ্ট্রি মাঠে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা।

সোমবার বিকালে সিলেটে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, কাউন্সিলে ভোট দেবেন জেলার ১৮টি ইউনিটের ১ হাজার ৮শ ১৮ জন ভোটার। সিলেট থেকেই ব্যালট পেপারের মাধ্যমে নেতা নির্বাচন করে দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করতে চায় বিএনপি। আওয়ামী লীগের মত দিনের ভোট রাতে আর রাতের ভোট দিনে দিতে পারে না বিএনপি। কারণ, বিএনপিতে গণতন্ত্রের চর্চা হয়।

ডা. জাহিদ আরও বলেন, তৃণমুল নেতাদের মতামত প্রধান্য দিতেই ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করা হচ্ছে। তিনি বর্তমান দু:শাসন দুর করতে দলীয় নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন, গুম হওয়া বিএনপি নেতা, সিলেটের সন্তান এম ইলিয়াছ আলী, তার চালক আনসার আলী, ছাত্রদল নেতা দিনার ও জুনেদ আজ কোথায় আছেন আমরা জানিনা। এ সরকারকে যত দ্রুত সরানো যাবে ততই মঙ্গল।

নগরীর সাবরেজিষ্ট্র মাঠে প্রেস ব্রিফিংকালে বক্তব্য দেন, দলের সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, তাহসিনা রুশদীর লুনা, কেন্দ্রীয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালী পংকি প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ মার্চ সিলেট জেলা বিএনপির বহুল কাঙ্ক্ষিত সম্মেলন ও কাউন্সিল হওয়ার কথা থাকলেও ঠিক আগের দিন কেন্দ্র থে‌কে ‘অনিবার্য’ কারণ দেখিয়ে তা স্থগিত করা হয়।

পরে গত ২৪ মার্চ (বৃহস্পতিবার) জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের পুনঃতারিখ নির্ধারণ করে কেন্দ্র। সে অনুযায়ী মঙ্গলবার নেতাকর্মীদের বহুল প্রত্যাশিত কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়বেন ৯ জন প্রার্থী। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. আলী আহমদ, আ ফ ম কামাল, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ।

এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে গত ২২ মার্চ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন তিনি।

Share





Related News

Comments are Closed