Main Menu

সিলেটে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শেখঘাট এলাকার একটি কলোনি থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরের নাম মো. শরিফ (১৪)। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার মৌলাপাড়া গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে। বর্তমানে সে নগরীর শেখঘাট এলাকার একটি কলোনীতে পরিবারের সাথে বসবাস করতো। শরিফের বাবা মোস্তফা দিনমজুর ও তার মা বাসা-বাড়িতে কাজ করে সংসার চালান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাস খানেক আগে শরিফের বাবা মারা যান। বাবা মারা যাওয়ার পর শরিফের মা তাকে যে কোনো কাজে লেগে পড়তে বলেন। সর্বশেষ রবিবার সকালে শরিফকে তার মা শাসিয়ে কাজে চলে যান। পরে বেলা ১১টার দিকে শরিফ ঘরের দরজা লাগিয়ে তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয়। প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেরে ঘরের চালার টিন খুলে তার নিথর দেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শরিফকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, স্থানীয়রা ওই কিশোরের দেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত হচ্ছে, রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- সে আত্মহত্যা করেছে।

Share





Related News

Comments are Closed