জাবি দাবা ক্লাবের নতুন সভাপতি প্রান্তোষ, সম্পাদক আলমগীর
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দাবা ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে প্রান্তোষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক পদে মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন। প্রান্তোষ ভট্টাচার্য্য নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৬ তম ব্যাচের এবং মোঃ আলমগীর হোসেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৭ তম ব্যাচের শিক্ষার্থী।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্লাবের উপদেষ্টা উথোয়াইচিং রোয়াজা এবং ২৬ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও ক্লাবের উপদেষ্টা মোঃ আনিসুল হক উপস্থিত ছিলেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দী হিসেবে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী লুৎফর রহমান সীমান্ত এবং সাধারণ সম্পাদক পদে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মান্নান নির্বাচন করেন। মোট ২৩ জন ভোটারের মধ্যে ১৯ জন ভোটারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদের নির্বাচনে প্রান্তোষ ভট্টাচার্য্য পান ১১ ভোট এবং লুৎফর রহমান সীমান্ত পান ৮ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদের নির্বাচনে মোঃ আলমগীর হোসেন পান ১১ ভোট এবং আব্দুল মান্নান পান ৮ ভোট।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও ক্লাবের উপদেষ্টা উথোয়াইচিং রোয়াজা বলেন, ‘আমরা সবাই দাবাকে ভালোবাসি। ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং গতিশীল করার জন্য নতুন কমিটির দরকার ছিল। আমাদের সবার একটিই উদ্দেশ্য হওয়া উচিত, ক্লাবকে সুন্দরভাবে পরিচালনা করা। দাবা ক্লাব থাকার ফলে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় খেলোয়াড় বাছাই করতে সুবিধা হয়। আর আজকের নির্বাচন নিঃসন্দেহে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলা যায়।’
আরেকজন নির্বাচন কমিশনার ও ক্লাবের উপদেষ্টা মোঃ আনিসুল হক বলেন, ‘উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠভাবে আজকের নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আর যারা নির্বাচনে জয়ী হতে পারেনি তাদের প্রতি আহ্বান জানাই, তারাও যেনো ক্লাবের সাথে আন্তরিকভাবে যুক্ত থাকে এবং দাবাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়।’
সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রান্তোষ ভট্টাচার্য্য বলেন, ‘আমাদের ক্লাব নিয়ে আমার অনেক স্বপ্ন। ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য দক্ষ সংগঠক যেমন দরকার তেমনি দরকার নতুন খেলোয়াড় অন্বেষণ করা। আমি খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ এর ব্যবস্থা করার চেষ্টা করব। সেটা অনলাইন বা অফলাইনে যে কোনো মাধ্যমেই হতে পারে। আবার তিন মাস পরপর প্রতিটি হলে টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ গ্রহণ করব। ক্লাবের প্রচারণা বাড়াবো এবং ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাসিক সাধারণ সভার আয়োজন করব। এছাড়া ক্লাবেকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার ইচ্ছা আছে।’
নব্য সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, ‘আমরা দাবা প্রেমিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব আমাদের আবেগ ও ভালোবাসার সংগঠন। আমি ২০১৮ সাল থেকে এই ক্লাবের সাথে যুক্ত আছি এবং সবসময় সক্রিয়ভাবে কাজ করেছি। আমাকে এই ক্লাবের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি জাবির সকল দাবা প্রেমিকদের নিয়ে একসাথে কাজ করতে চাই। এই বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন সহ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে আশা করি।’
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব দাবাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দাবার জনপ্রিয়তা বাড়ানোর জন্য বদ্ধপরিকর। খেলোয়াড় অন্বেষণ, প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একজন দক্ষ খেলোয়াড় তৈরী করাই দাবা ক্লাবের মূল লক্ষ্য।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed