ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা টুইটে এ খবর জানান। খবর বিবিসির।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই টুইটে রুশ সেনাদের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের ঠেকাতে মলোতভ ককটেল তৈরির জন্য কিয়েভের বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে। তাদের নিরাপদে থাকতে বলা হচ্ছে। টুইটে বলা হয়, ‘বাসিন্দারা, সতর্ক হোন। বাড়ি থেকে বের হবেন না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ওবোলন শহরে রাশিয়ার সাঁজোয়া যান চলছে। টুইটারে এমন একটি ভিডিওর সত্যতা যাচাই করেছে বিবিসি।
বিবিসির প্রতিনিধিরা শুক্রবার সকালের দিকে কিয়েভে গোলাগুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। তারা বলেছেন, এই মুহূর্তে গোলাগুলি কেন তা জানা অসম্ভব হয়ে পড়েছে। তারা এখন প্রকট বিস্ফোরণ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ভাদিম দেনিসেনকো রয়টার্সকে বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৩৩টি বেসামরিক জায়গায় হামলা চালিয়েছে।
এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাঁজোয়া যান ঢুকে পড়েছে।
ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর– পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সে জন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনারা।
কিয়েভের সড়কে ঘুরছে রুশ ট্যাংক
বিবিসি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, কিয়েভের উত্তরের একেবারে কাছের জেলা ওবোলোনের সড়কে রুশ ট্যাংক চলাচল করছে।
রুশ সৈন্যদের কিয়েভে টহলের ভিডিও স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি থেকে ধারণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসিও ভিডিওগুলো ওবোলোনে ধারণ করা বলে নিশ্চিত হয়েছে।
দুই মাসের বেশি সময় ধরে ইউক্রেনের সীমান্তে দেড় লাখের বেশি সৈন্য সমাবেশ রেখে দেশটির ওপর ব্যাপক চাপ তৈরি করে রাশিয়া; ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকাতে রাশিয়ার এই চাপ গত সোমবার চূড়ান্ত রূপ পায়। ওইদিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের দু’টি অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিয়ে পরের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযান শুরু করতে সৈন্যদের নির্দেশ দেন।
এরপর ইউক্রেনের তিন দিক থেকে হাজার হাজার সৈন্য ইউক্রেনে প্রবেশ করে সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা এবং অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বর্ষণ, গোলাবারুদ নিক্ষেপ করে। ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয় রাশিয়া। এখন দেশটির রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ সৈন্য, সেখানে ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।
‘ইউক্রেনে রাশিয়ার ৪৫০ সৈন্য নিহত’
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে শুরু হওয়া বিশেষ সামরিক অভিযানে রাশিয়ার অন্তত ৪৫০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য। শুক্রবার গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসি রেডিও ফোরকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।
একই সঙ্গে রাশিয়া প্রথম দিন ইউক্রেনের তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন ব্রিটিশ এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ইউক্রেনীয়দের লড়াইয়ের কারণে রাশিয়া ব্যর্থ হয়েছে।
বেন ওয়ালেস বলেছেন, এই ব্যর্থতার কারণ পুতিনের অহংকারী চিন্তা-ভাবনা। তারা মনে করেছিলেন যে, পুতিন একজন মুক্তিদাতা। ইউক্রেনীয়দের প্রাণঘাতী অস্ত্রের কারণে রাশিয়া ব্যর্থ হয়েছে। কারণ এসব অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ট্যাংক এবং বিমানের সঙ্গে লড়াই করেছেন ইউক্রেনীয়রা।
ব্রিটিশ এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনে ৪৫০ সৈন্য হারিয়েছে। রাজধানী কিয়েভের একেবারে কাছে বিমানবন্দর দখল করতেও ব্যর্থ হয়েছে রুশ এলিট স্পেটসনাজ বাহিনী।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed