Main Menu

ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ছাত্রী ধর্ষন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বর থেকে শুরু হয়ে পুরাতন কলা ভবন ও প্রক্টর অফিস প্রদপক্ষিণ করে মুরাদ চত্ত্বরে এসে বিক্ষোভ মিছিল এর সমাপ্তি ঘটে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘নিপীড়নের বিরুদ্ধে জাবিতে ইতোপূর্বে অনেক মিছিল হয়েছে। দেশে যেভাবে ধর্ষন ও নীপিড়নের ঘটনা বাড়ছে মনে হয় জাহাঙ্গীরনগরকে আবার জেগে উঠতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীই যদি এমন ঘটনার শিকার হয় তাহলে যারা কর্মক্ষেত্রে আছে তাদের অবস্থা কি তা ভেবে দেখা উচিত। বশেমুরপ্রবি ও জবির ঘটনায় যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অর্ণা বলেন, ‘স্বাধীন এই দেশে নারীরা নিরাপদ নয় এর প্রমাণ গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দ্বারা ছাত্রী নিপীড়িত হওয়ার ঘটনা। খুব অসহায় ও বিব্রতবোধ করছি। দেশে ধর্ষন ও শিক্ষক দ্বারা নিপীড়ন এখন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। কার কাছে বিচার চাইবো, কি বলবো তা ভেবে পাচ্ছি না।এই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার দাবি করছি।’

এছাড়া সমাজতান্ত্রিক ছাত্রফন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায় বলেন, ‘আজকের বিক্ষোভ মিছিলে আমরা প্রমাণ করতে চাই আমাদের কাছে এসব কর্মকান্ডের ঠাঁই নেই। আমরা এর দ্রুত ও সর্বোচ্চ বিচার চাই। আমরা এমন সমাজের প্রত্যাশা করি যে সমাজে প্রত্যেক মানুষ, সে নারী কিংবা পুরুষ তার যথাযথ নিরাপত্তা থাকবে।’

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে হাইকোর্টে নিপীড়নবিরোধী যে নীতিমালা কার্যকর করার কথা ছিলো তা দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। সেই সাথে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে সেই নীতিমালা কার্যকর করার কথাও বলা হয়।

Share





Related News

Comments are Closed