ইউএনবি’র শাবি প্রতিনিধিকে মারপিট, বাড়িতে হামলা, লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউএনবি ও সময় টেলিভিশনের প্রতিনিধি হাবিবুল হাসান রিজভীর (২৪) বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এ সময় রিজভীকে মারধর ও বাড়িতে লুটপাট চালায় তারা।
আলিফ আরাফাত আলভী নামে ছাত্রলীগ নামধারী স্থানীয় এক সন্ত্রাসীর নেতৃত্বে ১০/১২ জন যুবক বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ইস্পাহানি ফায়ার সার্ভিস সংলগ্ন রিজভীর বাসভবনে ওই হামলা চালায়। এ সময় তারা রিজভীকে নগ্ন করে ভিডিওধারণ করে এবং তার দুটি মোবাইল ফোন, ত্রিশ হাজার টাকাসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিনিয়ে নিয়ে যায়।
অভিযুক্ত আলভী (২৬) উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সুজার ছেলে।
রিজভী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র এবং ইউএনবি ও সময় টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রিজভী বলেন, দুপুরে কলিংবেল চেপে আলভীর নেতৃত্বে ১০ থেকে ১২ জন সন্ত্রাসী আমাদের বাসায় প্রবেশ করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা আমার ওপর অতর্কিত হামলা চালায়। শুধু হামলা করেই তারা ক্ষান্ত হয়নি, আমাকে নগ্ন হতে বাধ্য করে এবং তার ভিডিওধারণ করে। এদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের কর্মী আরিফুলও উপস্থিত ছিল। পরে বাসায় জিনিসপত্র তছনছ করে আব্বুর রেখে যাওয়া ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় রিজভী তার বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের বিষয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকায় দ্রুততম সময়ের মধ্যে তার মোবাইল দুটি উদ্ধারের দাবি জানান।
রিজভীর মা হামিদা খাতুন বলেন, আমি স্কুলে ছিলাম। খবর শুনে বাসায় গিয়ে দেখি বাসার সব জিনিসপত্র তছনছ করা। পরে জানতে পারি আমার ছেলেকে মারধর করা হয়েছে। এমন ঘটনায় সঠিক তদন্ত সাপেক্ষে তিনি দোষীদের বিচার দাবি করেন।
খবর পেয়ে জামালপুরের পুলিশ সুপার নাছির উদীন আহমেদ সরিষাবাড়ি থানার পুলিশকে হামলার বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পরে সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা আব্দুল মজিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: সময় টিভি
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed