Main Menu

বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা সালাহউদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার বড় শ্যালক হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান। হাবিবুর রহমান বলেন, তিনি ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেছেন। আমরা হাসপাতাল থেকে মরদেহ বাসায় এনেছি।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর তার প্রথম জানাজা হবে। এরপর জিগাতলায় দ্বিতীয় জানাজা ও মিরপুরে তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। মরহুম সালাহউদ্দিনের অসিয়ত অনুযায়ী মিরপুর এলাকায় তার একজন পীরের পাশে দাফন করা হবে বলে জানান হাবিবুর রহমান।

মাওলানা সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ভক্ত, অনুরাগী রেখে গেছেন।

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আইন ও ধর্ম বিষয়ক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফের অনুমোদনে ২০০৮ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে মাওলানা সালাহ উদ্দিন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০০৯ সালের ১ জানুয়ারি তিনি বায়তুল মোকাররমের খতিব হিসেবে কর্মস্থলে যোগদান করেন। বার্ধক্যজনিত কারণে প্রায় চার বছর যাবত জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব পালন করার সক্ষমতা ছিল না।

১৯৪৪ সালে নারায়ণগঞ্জের বন্দর থানার কলাগাছিয়া হাজবাদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।বায়তুল মোকাররমের খতিব হওয়ার আগে ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন তিনি।

প্রধানমন্ত্রীর শোক
মাওলানা মোহাম্মদ সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Share





Related News

Comments are Closed