Main Menu

পঞ্চগড়ে ৩০টি কবর থেকে লাশ চুরির অভিযোগ

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পরপর দু’দিন পঞ্চগড়ের বোদা উপজেলায় চন্দনবাড়ি ইউনিয়নের দুটি কবরস্থানের প্রায় ৩০টি কবর খুড়ে লাশ চুরি যাওয়ার অভিযোগ করছে স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার রাতে এসব ঘটনা ঘটে ।

প্রথমদিন মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সরকার পাড়া এলাকার দলুয়া কবরস্থান থেকে এই লাশ চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছে। দ্বিতীয় দিন বুধবার রাতে ঐ ইউনিয়নের কৈরগিল্লাহ কবর স্থানে ১৫টি লাশ চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায় ।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে উপজেলা প্রশাসন। খবর পেয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু সাঈদ চৌধুরী, সাকোয়া ইউপি চেয়ারম্যান মো.হাফিজুর রহমান, চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান মো নজরুল ইসলাম প্রধান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী জানান, গত দু’দিনে চন্দনবাড়ি সরকার পাড়া ও কৈগিল্যাহ কবরস্থান থেকে প্রায় ৩০টি কঙ্কাল চুরি হয়েছে এমন সংবাদ পাই স্থানীয়দের মাধ্যমে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের আইনের আওতায় আনতে স্থানীয়দের আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছি। সেই সাথে গ্রামবাসীসহ এলাকাবাসী একটু যাতে সজাগ থাকে এবং অপরিচিত ও সন্দেহভাজন ব্যক্তিকে কবরস্থানের আশে পাশে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে জানাতে পরামর্শ দিয়েছি।

Share





Related News

Comments are Closed