Main Menu

বিজয়নগরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামাপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া (১৮) ও কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম (২১)।

এ ঘটনায় আনন্দ (২২) নামে আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম দুর্ঘটনার বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে অন্তর, রবিউল ও আনন্দ হবিগঞ্জের মাধবপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ইসলামপুর এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অন্তর ও রবিউল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহীকে প্রথমে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাত ৮টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করেছে। তবে এর আগেই পিকআপ চালক পালিয়ে গেছে। ওসি মো. শাহজালাল জানান, এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed