Main Menu

পাবনায় সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের মাধপুর তৈলকুপি এলাকায় ও সদরের দাপুনিয়া জোতআদম নূর মোহাম্মদ মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাঁথিয়ার আতাইকুলা ইউনিয়নের পুটিগাড়া গ্রামের তারুণ বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৪০), একই গ্রামের কহায় হোসেনের ছেলে আব্দুল মোমিন (৩৮) ও সদরের দাপুনিয়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর এলাকার আসাদুল ইসলামের ছেলে ও জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন (১৮)।

স্থানীয়রা জানায়, সকালে ধান বিক্রি করার জন্য আতাইকুলা বাজারে ভ্যানগাড়ি করে যাচ্ছিল রবিউল ইসলাম ও আব্দুল মোমিন। বাজারে যাওয়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। পরে মুমূর্ষু অবস্থায় অপরজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, সকাল ৮টার দিকে সাজ্জাদ হোসেন জোতআদম মোড় থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে আসছিল। পতিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, ছেলেটি অত্যন্ত মেধাবী ও সুঠাম দেহের অধিকারী ছিল। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঘটনার পর মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed