Main Menu

কোম্পানীগঞ্জ সীমান্তে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে গুলিবিদ্ধ বাংলাদেশি এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জানুয়ারি) বিকাল ৫টায় কালাইরাগ সীমান্ত থেকে লুকেশ রায় (৩৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত লুকেশ রায় উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিঞ্চু রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ৫টার দিকে উপজেলার কালাইরাগ সীমান্তে পড়ে থাকা লুকেশ রায়ের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। লুকেশের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, গতকাল শুক্রবার সকালে লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ (২৬) ভারতে অনুপ্রবেশ করেন। এদিন দুপুরে কালাইরাগ সীমান্তে গুলিবিদ্ধ আহত অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। আজ তার লাশ উদ্ধার করা হলো।

আহত শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।

Share





Related News

Comments are Closed