Main Menu

সম্পত্তি দখলে প্রবাসীকে হত্যা চেষ্টার অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: আপন মামা ও মামাতো ভাইদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে সম্পত্তি দখলে হত্যা চেষ্টার অভিযোগ তুলেছেন যুক্তরাজ্য প্রবাসী আশিক উদ্দিন। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার কাউপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে।

সোমবার (২২ নম্বের) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশিক উদ্দিন বলেন, আমি যুক্তরাজ্যে থাকায় আমার সম্পত্তি দেখাশোনা করতেন মামা মৃত করিম বকসের ছেলে আরশ আলী (৬০)। গত ৬ বছর ধরে বিভিন্ন সম্পদ বিক্রি করলেও তিনি আমাদের টাকা পাঠাননি। এ ব্যাপারে মামা, মামাতো ভাই নজরুল ইসলাম নিজাম (৩৮) ও গিয়াস উদ্দিনের (৩১) সাথে যোগাযোগ করলে তারা নানা অজুহাত দেখান। তারা আমাদের সব সম্পত্তি আত্মসাতের ষড়যন্ত্রে লিপ্ত হন। ২০১৫ ও ২০১৯ সালে আমার কৃষিজমির ফসল ও ঘর তৈরির জন্য রাখা ইট, পাথর, বালু বিক্রি করে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাত করেছেন তারা।

তিনি বলেন, এমন খবর পেয়ে ২০১৯ সালে দেশে ফিরে বাড়িতে অবস্থান করি। কিন্তু তারা ওই বছরের ৮ ডিসেম্বর আমার বাড়ি দখলের উদ্দেশ্যে সদলবলে হামলা করে। আমার চিৎকারে লোকজন জড়ো হলে তারা পালিয়ে যান কিন্তু নানাভাবে আমাকে হুমকি দিতে থাকে। সম্পদের সুরক্ষায় ওই বছরের ১৭ ডিসেম্বর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে বিবিধ মোকদ্দমা (নং ৬৫/২০১৯) দায়ের করি। এতে তারা আরও ক্ষিপ্ত হয়ে ফের সদলবলে লাঠি-সোটাসহ বাড়িতে জড়ো হয়ে আমাকে জিম্মি করে বাড়ি দখল করেন। বিষয়টি গ্রামবাসী জানতে পারলে তারা পালিয়ে যেতে বাধ্য হন। গ্রামবাসী সালিশ আহবান করলেও তারা সাঁড়া দেননি।

যুক্তরাজ্য প্রবাসী আশিক উদ্দিন অভিযোগ করেন আমার সম্পত্তি ফেরত চাইলে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরদিন ১৮ ডিসেম্বর মামাতো ভাই নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল লাঠিয়াল জোরপূর্বক আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে নিজেদের দখলে নেয়। এ ব্যাপারে বিশ্বনাথ থানায় জি আর ২৮০/১৯, দায়রা মামলা নং ৫৮৩/২০ বিচারাধীন।

তিনি বলেন, এই চক্রের বিরুদ্ধে আমার দায়েরকৃত মামলার স্বাক্ষীদের মারধোর, মাছ চুরি, ধান জ্বালানো, জায়গা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তারা এক মহিলাকে বাদি বানিয়ে কাল্পনিক তথ্য দিয়ে আমার মামলার সাক্ষীদের বিরুদ্ধে দক্ষিণসুরমা থানায় জি আর (মামলা নং-৩০৭/২১ ১২/১০/২০২১) মামলা দায়ের করে।

তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আমার সাক্ষীদের অযথা হয়রানি ও জব্দ করতে এই চক্র বিভিন্ন সময়ে হামলা ও মিথ্যা অভিযোগে মামলা দায়ের করছে। এরই ধারাবাহিকতায় সাক্ষীদের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদক মামলা (নং-২১/২৭/১১/২০) দায়ের করে। তারা আমাকে প্রাণে হত্যার হুমকী দিয়েছে। ১৬ নভেম্বর পুলিশ সুপার বরাবরে ওই চক্রের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, থানা পুলিশও আসামী চক্র দ্বারা প্রভাবিত। আমাদের নিরাপত্তায় যেখানে থানা পুলিশ সহযোগীতা করার কথা, সেখানেও আমরা ভরসা পাচ্ছিনা। তিনি গণমাধ্যম কর্মীদের সত্য অনুসন্ধানের মাধ্যমে তার পাশে থাকার আহবান জানানোর পাশাপাশি তার সম্পদ ও জীবন সুরক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রীসহ আইনশৃঙখলাবাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

Share





Related News

Comments are Closed