Main Menu

গণঅনশনের পর সমাবেশের ডাক বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আগামী সোমবার (২২ নভেম্বর) ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। সেই সঙ্গে একইদিনে সারা দেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি করবে দলটি।

শনিবার (২০ নভেম্বর) বিকেলে এ ঘোষণা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিএনপির ৭ ঘণ্টার গণঅনশন কর্মসূচি শেষ হয়েছে।

শনিবার বিকেল চারটায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী।

গণঅনশন কর্মসূচি থেকে একই দাবিতে ২২ নভেম্বর সারাদেশে মহানগর ও জেলায় সমাবেশের ডাক দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হবে।

এর আগে সকালে মির্জা ফখরুল ইসলাম নয়াপল্টনে গণঅনশন কর্মসূচিতে জানান, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খালেদা জিয়া। তিনি অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে এখন।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের কাছে বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার সুযোগ দিচ্ছে না। আজকের এ কর্মসূচি ১৬ কোটি মানুষের। বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছি।

মহাসচিব অনশনে অংশগ্রহণকারীদের উদ্দেশে বলেন, এটি শান্তিপূর্ণভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। কেউ দাঁড়িয়ে থাকবেন না, উঠে যাবেন না। বসে থেকে কর্মসূচি পালন করবেন।

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নুর।

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুর হাসপাতালে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন। তারা মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলাপ-আলোচনা করেন। রাজনীতির বাইরে গিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান তারা।

এ সময় নুর বলেন, বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে আমরা হাসপাতালে গিয়েছিলাম। সেখানে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা আমাদের জানিয়েছেন, কারাগারে থাকা অবস্থায় খালেদা জিয়ার চিকিৎসার অনিয়ম হয়েছে। যে কারণে তার শারীরিক জটিলতা আরও প্রকট আকার ধারণ করেছে। বর্তমানে তিনি খুব খারাপ অবস্থার মধ্যে আছেন।

এসময় সরকারের প্রতি আহ্বান জানিয়ে নুর বলেন, প্রতিহিংসা থেকে যেন একজন মানুষকে চিকিৎসা থেকে বঞ্চিত করা না হয় সরকারের প্রতি আমাদের সে অনুরোধ থাকবে।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন, মাহফুজুর রহমান খান, সোহরাব হোসেন, শাকিল উজ্জামান প্রমুখ।

এর আগে ১৩ নভেম্বর খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরদিন ভোর থেকে তাকে ওই হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

এরমধ্যে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে আবেদন করা হলেও কোনো সাড়া মিলছে না। এ অবস্থায় দলের পক্ষ থেকে দলীয় চেয়ারপারসনের বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে শনিবার সারা দেশে বিএনপি গণঅনশন পালন করে।

Share





Related News

Comments are Closed