Main Menu

দেশে করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কেউ মারা যায়নি। দেশে মহামারি শুরুর পর থেকে গত দেড় বছরের বেশি সময় পর এই প্রথম মৃত্যুশূন্য দিন কাটাল দেশ। দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বর্তমানে ২৭ হাজার ৯৪৬ জন।

এদিকে একই সময়ে নতুন করে আরও ১৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন।

শনিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৫ হাজার ১০৭ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯০ জন। এপর্যন্ত মোট সুস্থ ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

এর আগে শুক্রবার (১৯ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান সাতজন। অন্যদিকে করোনা শনাক্ত হয় ২৫৩ জনের দেহে।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ১৮ মার্চ করোনায় দেশে প্রথমবারের মতো মৃত্যের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed