সম্পদের হিসাব দাখিলের কার্যক্রম জোরদারের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিষয়ে সরকারি উদ্যোগ জোরদার করা এবং চাল, আটা, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, এলপিজি গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেল ও যানবাহনের বর্ধিত ভাড়া কমানোর দাবিতে সোমবার (১৫ নভেম্বর) বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, অত্র সংগঠনের দীর্ঘ দিনের আন্দোলনের ফলে দুর্নীতিবিরোধী জনগণের অন্যতম প্রাণের দাবি সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের বিষয়ে সরকারের উদ্যোগ ঐতিহাসিক। ঘোষিত সময়সীমার মধ্যেই সম্পত্তির হিসাব দাখিলের কার্যক্রম সম্পন্ন দেখতে চায় দেশবাসী।
বক্তারা আরও বলেন, চাল, আটা, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, এলপিজি গ্যাস সিলিন্ডার, জ্বালানি তেল ও যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে সাধারণ জনগণের মধ্যে চরম অশান্তি বিরাজ করছে। পাশাপাশি সরকারের জনপ্রিয়তায় বিরূপ প্রভাব পড়ছে। ষড়যন্ত্রকারীরা এই সুযোগকে কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে শুরু করেছে।
তারা বলেন, করোনা মহামারির কারণে দেশের সাধারণ জনগণের অবস্থা খুবই নাজুক। বিশ্ব বাজারে যখন তেলের দাম কম ছিল তখন তেলের মূল্য সমন্বয় করা হয়নি। ফলে গত ৭ বছরে বিপিসি ৪৩ হাজার ১৩৭ কোটি টাকা মুনাফা করেছে। এই টাকার সিংহভাগ অর্থ সরকার বিভিন্ন খাতে ব্যয় করেছে। এ ব্যাপারে জ্বালানি বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি ছিল। তা না করে গণশুনানি ও মন্ত্রিসভার বৈঠক ছাড়া জ্বালালি তেলের মূল্য বৃদ্ধি করে আইন লঙ্ঘন করা হয়েছে, এই মূল্যবৃদ্ধির কারণে দুর্বৃত্ত বাস মালিকরা জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। তেলের মূল্য বেড়েছে ২৩ শতাংশ, অথচ ভাড়া বাড়ানো হয়েছে ২৭ শতাংশ। এটি মড়ার উপর খাড়ার ঘা। অন্যদিকে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য দফায় দফায় বৃদ্ধি, কেরোসিন ও ডিজেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে কার স্বার্থে? এই মূল্যবৃদ্ধির ফলে বোরো রবি শস্যের উৎপাদন খরচ বেড়ে যাবে।
আয়ের সাথে অসঙ্গতিহীন শত শত কোটিপতির বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করে কৃষি, গ্যাস, বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
সভাপতির বক্তব্যে মকসুদ হোসেন বলেন, আমরা প্রতিবাদ জানাতে আসিনি। আজকের এই গণজমায়েতের মূল দাবি হচ্ছে জনদুর্ভোগ লাঘবে সরকার জরুরি পদক্ষেপ গ্রহণ করবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বন্টনের ন্যায্যতা নিশ্চিতের অঙ্গীকার করা হয়েছিল। তাদের প্রণিত রূপকল্প ভিশন-৪১ এর ভিত্তি হচ্ছে অন্তর্ভুক্তিমূলক জনকল্যাণকর রাষ্ট্র গঠন। এই ওয়াদার বরখেলাপ জনগণ চায় না।
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব সরকারের নিকট দাখিলের কার্যক্রম জোরদার ও জনদুর্ভোগ লাঘবে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য গণজমায়েত থেকে তিনি জোর দাবি জানান।
সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান এবং রফিকুল ইসলাম শিতাবের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, দুনিয়া আখেরাত পার্টির চেয়ারম্যান ডা. মখলিছুর রহমান, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ, সাংগঠনিক সম্পাদক ডা. অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক আব্দুল করিম পাখি মিয়া, ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল মালিক চৌধুরী, অধিকার সিলেটের সমন্বয়ক সাংবাদিক মুহিবুর রহমান, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সাংবাদিক শহিদ আহমদ খান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক এম এ লাহিন, সহ-দপ্তর সম্পাদক শ্রমিকনেতা এম বরকত আলী, কেন্দ্রীয় সদস্য আমিরুল ইসলাম চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়াল্লী ফলিক, আমিন তাহমীদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ইমাম হোসেন, যুগ্ম-আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খান, সদস্য সচিব মাহবুব ইকবাল মুন্না, সৈয়দ নুর আহমদ জুনেদ, নুরুল ইসলাম জিতু, অপু দাশ, হাবিবুর রহমান হাবিব, হাফিজ শরীফ আহমদ, সবুজ বাংলা যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাবেদুল ইসলাম দিদার, নাগরিক অধিকার ও পরিবেশ আন্দোলনের আহ্বায়ক আব্দুল হাসিব, সমাজসেবক আব্দুল লতিফ সরকার, ব্যবসায়ী নেতা ইয়াসিন বিন খায়ের প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed