Main Menu

খালেদা জিয়াকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও রক্তের হিমোগ্লোবিন বাড়াতে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

নিয়ন্ত্রণে আসেনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। এছাড়া গত রাতে কয়েকবার বমি হওয়ার কারণ জানতে ১০ সদস্যের মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন আরও একজন পাকস্থলি বিশেষজ্ঞ। বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিকল্প নেই বলে মত তার ব্যক্তিগত চিকিৎসকের।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিতে হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিউ)। রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, নিয়ন্ত্রণহীন উচ্চ রক্তচাপ আর বেশ কয়েকবার বমি করার কারণেই তৎক্ষণাৎ নেওয়া হয় সেখানে।

জানা গেছে, হিমোগ্লোবিন বাড়াতে বেগম জিয়ার শরীরে দেওয়া হয়েছে দুই ব্যাগ রক্ত। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাকে ব্লাড সুগার চার্ট মেনে চলার পাশাপাশি দেওয়া হচ্ছে ইনস্যুলিন। অন্যদিকে নিয়ন্ত্রণহীন রক্তচাপ নিয়ন্ত্রণে আনতে দেওয়া হচ্ছে নানা ওষুধও।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলছেন, মেডিকেল বোর্ড তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। তাকে দেশের বাইরে নেওয়ার বিকল্প নেই বলেও মতামত দিয়েছেন চিকিৎসক দলের সদস্যরা।

২৭দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার মাত্র ৬ দিনের মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ নভেম্বর তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর রাতে তাকে নেওয়া হয় সিসিইউতে।

জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর ২০২০ সালের ২৫ মার্চ শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। এরপর তিন দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক এ প্রধানমন্ত্রীর।

Share





Related News

Comments are Closed