Main Menu

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত বেড়ে ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচনের কেন্দ্র দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিন জন হয়েছে।

নিহতরা হলেন- বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে মো. সালাউদ্দিন (৪০), একই এলাকার জাহাঙ্গীর (২৬) এবং দুলাল মিয়া (৫০)।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ।

নিহতদের মধ্যে বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন (৪০) নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী। বাকি দুইজনের পরিচয় জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের জাকির হোসেন। এটা নিয়ে কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সারা রাত থেমে থেমে সংঘর্ষ চলে। ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় তারা।

এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ পৌঁছেছে। সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হারুনুর রশিদ বলেন, নরসিংদী জেলা হাসপাতালে একটি মরদেহ আর নরসিংদী সদর হাসপাতালের মর্গে আরেকটি মরদেহ আছে।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দুই গ্রুপের সংঘর্ষে প্রথমে দুলাল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে বলে জেনেছি। পরে আরও দুইজনসহ তিনজন নিহতের ব্যাপারে নিশ্চিত হয়েছি আমরা।

 

Share





Related News

Comments are Closed