Main Menu

কক্সবাজারে নির্বাচনী সহিংসতায় নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই পক্ষের সংঘর্ষে কক্সবাজারে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে তিনি মারা যান।

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউপি নির্বাচনের ভোট চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আক্তারুজ্জামান পুতু (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬ জন আহত হয়। বৃহস্পতিবার সকালে খুরুশকুল ইউনিয়নের তেতৈয়ায় ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত আকতারুজ্জামান খুরুশকুল ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী (বর্তমান মেম্বার) শেখ কামালের ছোট ভাই। কক্সবাজার র‍্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার মেজর মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় মেম্বার প্রার্থী শেখ কামালসহ কয়েকজন আহত হন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে আহত আকতারুজ্জামান পুতুকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শী ওমর ফারুক জানান, ভোট চলাকালীন ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাবুলের সমর্থকরা ব্যালট পেপার আলাদা করে সিল মারার চেষ্টা করলে অপর মেম্বার প্রার্থী শেখ কামালের ভাই আকতারুজ্জামান বাধা দেয়। একপর্যায়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ সময় গুলিবিদ্ধ হন আকতারুজ্জামান। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed