Main Menu

সিলেট কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা সালামের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা হত্যা ও বিস্ফোরক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হরকাতুল জিহাদ নেতা মাওলানা শেখ আব্দুস সালাম মারা গেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাম মারা যান। তার কয়েদী নম্বর ৬৭/এ।

জানা গেছে, বৃহস্পতিবার (৪ নভেম্বর) মৃত্যুদণ্ডপ্রাপ্ত হুজি নেতা বার্ধক্যজনিত কারণে হঠাৎ অসুস্থ হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হুজির এ নেতা বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। ডায়বেটিস নীল হওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

শেখ আবদুস সালাম নামের ওই ব্যক্তি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক।

তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি এলাকার মৃত শেখ মাজাহার আলীর পুত্র। আবদুস সালামের শ্বাসকষ্ট, ডায়বেটিক ও হাইপারটেনশনসহ বিভিন্ন রোগ ছিলো বলে কারা সূত্রে জানা গেছে।

কারা সূত্রে আরও জানা যায়, মাওলানা শেখ আবদুস সালাম দীর্ঘ দিন ধরে কারাগারে ছিলেন। গত ১৬ অক্টোবর সর্বশেষ তাকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এর বাইরেও তার বিরুদ্ধে আরও ৯টি মামলা চলমান। মামলাগুলোর হাজিরার জন্য সিলেট ও ঢাকায় তাকে আনা নেওয়া করতে হত।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শেখ আবদুস সালামের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed