Main Menu

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সুধনোতি জেলা থেকে রাওয়ালপিন্ডিগামী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বুধবার (৩ নভেম্বর) আজাদ জম্মু ও কাশ্মীরের সুধনটি জেলায় বাসটি উল্টে একটি গিরিখাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে এ খবর দিয়েছে করাচিভিত্তিক গণমাধ্যম ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ আসনের কোস্টারটি বালোচ থেকে যাত্রা শুরু করেছিল। ৭ কিলোমিটার যাওয়ার পরে এতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। পরে বাসটি প্রথমে রাস্তার বাম দিকে পাহাড়ে আঘাত করে। তারপর হঠাৎ ডানদিকে ঘুরে যায় এবং রাস্তা থেকে ৫০০ মিটারেরও বেশি নিচে পড়ে যায়।

কাছেই একটি তাঁবুর নিচে পাকোড়া বিক্রি করা একজন হকার বাসটিকে ডুবতে দেখে মাঝিয়ারি গ্রামের একজনকে টেলিফোনে বিষয়টি জানান। পরে তিনি লাউডস্পিকারে বাস ডোবার বিষয়টি ঘোষণা দিয়ে গ্রামবাসীদের উদ্ধারে সহায়তা করতে দুর্ঘটনাস্থলে ছুটে যেতে অনুরোধ করেন।

পুঞ্চের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রশিদ নাঈম খান ডনকে বলেছেন, দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে কোটলি জেলায় পাঠানো হয়েছে এবং ৩ জনকে বালুচে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে, গত মাসে পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও নীলুম জেলায় ২টি সড়ক দুর্ঘটনায় ৪ জন শিক্ষার্থীসহ কয়েকজনের মৃত্যু হয়েছিল এবং ৩২ জন আহত হন। অন্যদিকে মুজফফরাবাদ জেলায় আরেক সড়ক দুর্ঘটনায় আরও ১০ জন আহত হন।

উল্লেখ্য, পাকিস্তানের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা হতে দেখা যায়। সেখানকার রাস্তাগুলোর অবস্থাও বেশ খারাপ। গত মাসেই আজাদ কাশ্মীরের নিলুম জেলায় বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪ জন নিহত ও ৩২ জন আহত হন। এ ছাড়া একই মাসে মুজাফফরাবাদেও বাস খাদে পড়ে ১০ জন আহত হন।

Share





Related News

Comments are Closed