Main Menu

পঞ্চগড়ে ২২ হাজার টাকার জাল নোটসহ তরুণীকে গ্রেপ্তার

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ২২ হাজার টাকার জাল নোট সহ আফরোজা আক্তার ওরফে রুমা (২২) নামে এক তরুণীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বোদা বাইপাস এলাকা থেকে ওই তরুণীকে নগদ ১ হাজার টাকার ২২টি জাল নোট সহ গ্রেপ্তার করে। এসময় ওই নারীর সাথে থাকা তার ৪ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তার ওই তরুণীর বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়বাগ (উত্তরপাড়া) গ্রামে। সে ওই গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

এ ঘটনায় বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বাদী হয়ে ওই তরুণী সহ তার ৪ সহযোগীকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামীরা হলেন, উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী এলাকার আনোয়ার হোসেন (২৫), একই ইউনিয়নের ময়দানদিঘী জম্বুরাপাড়া এলাকার সাদ্দাম হোসেন (২৮), মাড়েয়া বামনহাট ইউনিয়নের বামনহাট এলাকার মনিক (৩১) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার আমিরাবাগ এলাকার খলিলুর রহমান ওরফে কামাল ওরফে মামুন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বোদা পৌর এলাকার বাইপাস মোড় এলাকায় এক তরুণী সহ ৪/৫ জন ব্যক্তি জাল টাকার নোট লেনদেন করছেন, এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে বোদা থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তরুণী সহ তার সহযোগীরা পালানোর চেষ্টা করে। এ সময় ওই তরুণীকে পুলিশ আটক করলেও তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে ওই তরুণীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ তল্লাসী করলে ওই ব্যাগে থাকা ১ হাজার টাকা মূল্যের ২২টি জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ ওই তরুণী সহ ৪ জনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বোদা থানায় মামলা দায়ের করে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, বোদা বাইপাস এলাকায় জাল টাকার লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালাই আমরা। পরে এক তরুণীকে আটক করা হলেও তার ৪ সহযোগীরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে বোদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামীদের ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed