মৌলভীবাজারে চালু হলো পর্যটক বাস সার্ভিস
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে চালু হলো ট্যুরিস্ট বাস সেবা। এর মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকরা কয়েকশ টাকা খরচ করে ঘুরতে পারবেন জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দুটি ট্যুরিস্ট বাসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
তিনি বলেন, বিশ্বে করোনার কারণে পর্যটন শিল্পে ধস নেমেছে। বাংলাদেশের মানুষ সময় পেলেই পরিবার নিয়ে অবসর কাটাতে চায়। সিলেট বিভাগের যত পর্যটক আসেন, তারা কিন্তু মৌলভীবাজার জেলা ঘুরে যান। যারা এটি চালু করতে সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহউর রহমান প্রমুখ।
জানা যায়, বড়লেখা, কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে রয়েছে চা-বাগান, প্রাকৃতিক ঝরনা মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, গগণটিলা পাহাড়, খাসিয়াপল্লি, হাকালুকি হাওর, মাধবপুর লেক, সিতেশ বাবুর চিড়িয়াখানা, বাইক্কাবিলসহ দর্শনীয় স্থান।
যেখানে প্রতিদিন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা ছুটে আসেন। কিন্তু যাতায়াতের সঠিক ধারণা না থাকায় দূর-দূরান্তের পর্যটকরা ২ থেকে ৪টি দর্শনীয় স্থান দেখেই বাকিগুলোর সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হন।
আবার মাঝেমধ্যে তারা নানা বিড়ম্বনায়ও পড়েন। কম সময় ও খরচে এসব পর্যটনকেন্দ্র দর্শনের ব্যবস্থা নিতেই জেলা প্রশাসন মৌলভীবাজারে চালু করল ট্যুরিস্ট বাস। দুটি প্যাকেজে মিলবে টিকেট। এতে সহযোগিতার জন্য এগিয়ে আসে ফাতেমা এন্টারপ্রাইজ।
প্যাকেজ-১ এর মধ্যে রয়েছে, চা-বাগান গগণ টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত, হাকালুকি হাওর। প্যাকেজ এক এর যাত্রা শুরু স্থান নির্ধারণ করা হয়েছে শ্রীমঙ্গল। দুপুরের খাবারছাড়া টিকেট মূল্য জনপ্রতি ৩০০ টাকা। দুপুরের খাবারের জন্য একশ টাকা বাড়তি গুনতে হবে।
দ্বিতীয় প্যাকেজের যাত্রা শুরু হবে বড়লেখা থেকে। এর মধ্যে রয়েছে লাউয়াছড়া ইকোপার্ক, মাধবপুর লেইক, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও বাইক্কা বিল। দুপুরের খাবারসহ এই প্যাকেজের জনপ্রতি ভাড়া ৪৫০ টাকা। খাবার না খেলে সাড়ে তিনশ টাকায় টিকেট মিলবে।
টিকেট পাওয়া যাবে শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডের শ্যামলী, মৌলভীবাজারের হানিফ ও বড়লেখার শ্যামলী বাস কাউন্টারে। দুটি প্যাকেজেই ট্যুরিস্ট স্পটের প্রবেশমূল্য ফ্রি করা হয়েছে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুসরাত লায়লা নীরা জানান, ৪০ সিটের দুইটি বাস দিয়ে দুইটি প্যাকেজে এ সার্ভিস চালু করা হচ্ছে। প্রথম প্যাকেজের ট্যুরিস্ট বাস প্রতিদিন সকাল ৯টায় পর্যটক নিয়ে শ্রীমঙ্গল থেকে যাত্রা শুরু করবে বড়লেখার দিকে। আর দ্বিতীয় প্যাকেজের বাস একই সময়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে বড়লেখা থেকে যাত্রা শুরু করবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed