Main Menu

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৪১৫

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৭৪ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জনে।

শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে শুক্রবার (৮ অক্টোবর) এ ভাইরাসে ৭ জনের মৃত্যু হয়েছিল। এদিন করোনা শনাক্ত হয়েছিল ৬৪৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৭৫৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৪৫ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৮ জন। এ সময় ঢাকায় ৯, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed