Main Menu

ভারতে জেল খেটে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আসাম রাজ্যের বিভিন্ন ডিটেনশন সেন্টারে সাজাভোগের পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর হয়ে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি নাগরিক।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং সীমান্ত পুলিশ শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এসব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করেছে। বিভিন্ন সময়ে অবৈধভাবে তারা সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। পরে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়ে ঠাঁই হয় কারাগারে।

প্রত্যাবর্তনকারী বাংলাদেশিরা হচ্ছে- নোয়াখালীর সুবর্ণচরের মো. ইব্রাহিম, পটুয়াখালীর কলাপাড়ার হাবিব মোল্লা, লালমনিরহাটের হাতিবান্ধার হামিরুল ইসলাম, কিশোরগঞ্জের নিকলীর মো. কামাল হোসেন, যশোর কতোয়ালীর মোছা. জাহানারা বেগম ও বাগেরহাটের কচুয়ার আলম খান ওরফে সহিদুল ইসলাম। এর আগে তাদেরকে ফেরত নিতে শেওলা স্থলবন্দর এলাকায় ভিড় জমান স্বজনরা।

শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের ইনচার্জ এসআই মো. মাসুদুজ্জামান ভারতে সাজাভোগের পর ৬ বাংলাদেশির প্রত্যাবর্তনের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ ও ভারতীয় সীমান্ত পুলিশের নিকট থেকে তাদের গ্রহণকালে বিজিবির কোম্পানী কমান্ডার মনির মিয়া ও বিয়ানীবাজার থানার এসআই আব্দুর রব উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed