Main Menu

মাধবপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৯ লাখ টাকার মাল লুট

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সোমবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বেজুড়া জিন্নতপুর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী ওয়াসীম আকরামের বাড়িতে ডাকাতির এই ঘটনাটি ঘটছে।

ডাকাতরা আকরামের বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোটরসাইকেলসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, ডিবির পরিদর্শক আল আমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মাইনুদ্দিন, উপ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যবসায়ী ওয়াসীম আকরাম জানান, সোমবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের দিকে তাদের জিন্নতপুরের নতুন বাড়িতে দরজার লক ভেঙ্গে ৬ জন মুখোশধারী ডাকাত ঘরে প্রবেশ করে। দরজার বিকট শব্দে তার শিশুপুত্র, স্ত্রী ও বৃদ্ধ মা ভয়ে চিৎকার শুরু করেন। ডাকাতরা প্রথমে তাকে মারধর করে। পরে তার ১৩ মাস বয়সী শিশুপুত্র য়ায়ান ও তাকে ছুরি ধরে জিম্মি করে ড্রয়ার থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের সুজকি জিকচার এসএফ ১৫৫ সিসি মোটরসাইকেল নিয়ে গেছে। এসময় ঘরের বাহিরে আরও ৩ থেকে ৪ জন ডাকাত ছিল।

ঘরের ভেতরে থাকা ডাকাতদের হাতে চাইনিজ কোড়াল, রামদা ও ছুরি ছিল বলে তিনি জানান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।’

Share





Related News

Comments are Closed