Main Menu

দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও একই ইউনিয়নের চিলাইপাড় গ্রামে এ ঘটনা দুটি ঘটেছে।

পুলিশ জানায়, বুধবার বেলা দেড়টা থেকে আড়াইটার মধ্যে বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরের পানিতে ডুবে তার ৫ বছর বয়সী শিশুকন্যা আমেনা খাতুনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে পুকুর গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আমেনা। পরে সে বাড়িতে না ফেরায় খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে মেয়েটির নিথর দেহ উদ্ধার করেন স্বজনরা। স্থানীয় বোগলাবাজার কমিউনিটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, বুধবার সকাল ১১টায় জুমগাঁও গ্রামের হায়দর আলীর পুকুরের পানিতে পড়ে তার ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়। বেলা সাড়ে ১১টার দিকে চাচাতো ভাই সাইদ আহমদ (৮) মিছবাউলকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার।

দোয়রাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed