Main Menu

এ মাসেই খুলছে ঢাবি’র হল, থাকছে না গণরুম

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর কয়েক দফায় বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হলেও করোনার প্রকোপ বৃদ্ধি ও নানা সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত খোলা হয়নি বদ্ধ ঢাবির দ্বার।

তবে, শিক্ষার্থীদের টিকা নেওয়ার শর্তে আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে শিক্ষার্থীদের হলে ফেরাতে নানা কার্যক্রম হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের হল প্রশাসন। চলছে হলের দেয়ালে রং করা, বেসিন বসানো, কক্ষ পরিষ্কার, মেস ও ক্যান্টিন মেরামত করাসহ নানা কাজ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হলগুলো সংস্কারে বিশেষ অনুদান দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিশেষ অনুদান এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হল সংস্কারের কাজ চলছে। আগামী ১০ সেপ্টেম্বরে মধ্যে শিক্ষার্থীদের হলে ফেরাতে হলগুলোকে শতভাগ প্রস্তুতির নির্দেশনাও দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিরসনে বিশ্ববিদ্যালয়ে আর গণরুম থাকছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া যাদের ছাত্রত্ব নেই তার আর হলে থাকতে পারবে না।

সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও বিজয় একাত্তর হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, শিক্ষার্থীদের হলে ফেরাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হল খোলার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান ছিল। সেই অনুদানে হলগুলো সংস্কারের কাজ চলছে।

গণরুমের বিষয়ে তিনি বলেন, হলগুলোতে এখন আর গণরুম থাকবে না। সব হলের গণরুমের শিক্ষার্থীদের মূল রুমে বরাদ্দ দিয়ে একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলা হলে তা বাস্তবায়ন করা হবে।

Share





Related News

Comments are Closed