Main Menu

দ্বিতীয় স্ত্রীকে ফের বিয়ে করলেন অভিনেতা রাজ!

বিনোদন ডেস্ক: ভারতীয় দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা প্রকাশ রাজ তার ছেলের আবদারে ফের একবার বিয়ে করলেন। পাত্রী কে জানেন? পনি বর্মা!

এক দশক ধরে সুখেই তো সংসার করছিলেন স্ত্রী পনি বর্মার সঙ্গে। তাহলে কী আবার হলো যে তাকে ফের বিয়ে করতে হলো! তবে না, চিন্তার কোনো কারণ নেই। প্রকাশ রাজ বিয়ে করেছেন সে কথা সত্য। কিন্তু পাত্রী সেই একই।

দেশটির সংবাদ মাধ্যম এবিপি লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে চমকে দিয়ে নিজের ১১তম বিবাহবার্ষিকীতে ফের বিয়ে করলেন বলিউড এবং দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজ।

ছেলে বেদান্তর শখ পূরণের জন্যই নাকি এহেন অভিনব ভাবনাটা ভেবে ফেললেন প্রকাশ রাজ। আবারও বিয়ে করার প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ছেলে বেদান্তর আবদারেই এমনটা করলেন। তবে, নতুন কোনো জীবনসঙ্গীকে বেছে নেননি প্রকাশ রাজ। বর্তমান স্ত্রী পনি বর্মাকেই ফের বিয়ে করলেন তিনি।

ছেলের সামনেই স্ত্রীকে আংটি পরিয়ে দিলেন প্রকাশ। তার প্রথমপক্ষের দুই সন্তান মেঘনা এবং পূজাও ছিলেন বাবা-মায়ের মজার বিয়েতে। বাবার বিবাহবার্ষিকীর সেলিব্রেশনে শামিল হয়েছিলেন তারাও। হাসি মুখে সপরিবারে পোজ দিতে দেখা গেল প্রকাশ রাজকে।

বিবাহবার্ষিকী এবং বিয়ের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন অভিনেতা। লিখেছেন, ‘আমাদের ছেলের জন্য আমরা আবার বিয়ে করলাম। বেদান্ত চেয়েছিল সাক্ষী থাকতে। তাই ১১তম বিবাহবার্ষিকীটাকে আরও সুন্দর মুহূর্তে ভরিয়ে দিলাম।’

২০১০ সালের ২৪ আগস্ট পনি বর্মাকে বিয়ে করেন প্রকাশ রাজ। যদিও পনি বর্মাই প্রকাশ রাজের প্রথম স্ত্রী নন। ১৯৯৪ সালে ললিতা কুমারিকে বিয়ে করেন অভিনেতা। ২০০৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

 

 

Share





Related News

Comments are Closed