Main Menu

বিষপানে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে জগদ্বীশ দাস (১৮) নামের এক জেলে মারা গেছেন। বুধবার (২৫ আগস্ট) তার মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। জগদ্বীশ দাস উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের যতীন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি ফেরেন জগদ্বীশ। ঘরে ঢুকে সৎ মা কেশমতি দাসকে বলেন, ‘আমি বিষপান করেছি’। এ কথা বলেই মাটিতে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেটে নিয়ে যেতে বলেন। সিলেটে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাত্তার আহমদ বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। বিষপানের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। তবে পরিবারের সদস্যরা দাবি করছেন, বাইরে থেকে রাতে ঘরে প্রবেশ করে ওই জেলে তার মাকে বলেন, ‘আমি বিষপান করেছি’। এ কথা বলেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিষপানে মারা যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed